কলকাতা: বিয়ের দিন কেমন সাজবেন, তা নিয়ে পরিকল্পনা শুরু হয় অনেক আগেই। শাড়ি, গয়না, মেকআপের ক্ষেত্রে সকলের পছন্দ ভিন্ন। তবে মনের মতো সাজ পেতে শুধু পোশাক ও গয়না বাছলেই হবে না। এর পাশাপাশি সঠিক মেকআপ আর্টিস্ট খুঁজে নেওয়াও জরুরি। কারণ, শিল্পীর দক্ষতা ও অভিজ্ঞতার উপরই আপনার সাজ অনেকটাই নির্ভর করছে। তাই বুকিং চূড়ান্ত করার আগে কয়েকটি বিষয় ভালো করে যাচাই নিন।
১. কত দিনের অভিজ্ঞতা রয়েছে?
প্রথমেই জানুন, মেকআপ আর্টিস্ট কত বছর ধরে এই কাজ করছেন। কারণ, বিয়ের সাজের ক্ষেত্রে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘক্ষণ মেকআপ ঠিক রাখা, ত্বকের ধরন বুঝে প্রসাধনী বেছে নেওয়া এবং কনের পছন্দ অনুযায়ী সাজ তৈরির দক্ষতা থাকা প্রয়োজন।
২. কোন প্রসাধনী ব্যবহার করেন?
মেকআপ আর্টিস্ট কোন ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করেন, তা জেনে রাখুন। সব প্রসাধনী সবার ত্বকে যায় না। আপনার ত্বক সংবেদনশীল হলে তা আগে থেকেই জানিয়ে দিন। প্রয়োজনে নিজের পছন্দের ব্র্যান্ড ব্যবহারের অনুরোধও রাখতে পারেন।
আরও পড়ুন: রাষ্ট্রনেতারা হবেন পেশাদার! এই উত্তরেই বাজিমাত, ভুবন সুন্দরী সাত বছরের মেয়ের মা জেনিফার
৩. সাজ শেষ করতে কত সময় লাগবে?
বিয়ের দিন নানারকমের ব্যস্ততা থাকে। তাই মেকআপের জন্য কতটা সময় প্রয়োজন, আগে থেকেই জেনে নিন। শুধু মেকআপ নয়, চুলের স্টাইল ও পোশাকের জন্যও সময় দিতে হয়। তাই শিল্পীর সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে জেনে নিন। সেই অনুযায়ী বিয়ের দিনের সময়সূচি তৈরি করুন।
৪. আগের কাজের নমুনা দেখুন
মেকআপ আর্টিস্ট আগে যেসব কাজ করেছেন, রেফারেন্স হিসেবে সেগুলি দেখে নিন। তাঁর সাজের ধরন আপনার পছন্দের সঙ্গে মিলছে কি না, তা যাচাই করুন। বিশেষ করে আপনার ত্বকের রং, মুখের গড়ন বা পছন্দের সাজের সঙ্গে তাঁর কাজ কতটা মানানসই, সেদিকে নজর দিন।
বিয়ের দিনের সাজ আপনার জন্য খুবই গুরত্বপূর্ণ। তাই আগেভাগেই পরিকল্পনা করে রাখুন। পরে আফসোস করতে না চাইলে মেকআপ আর্টিস্ট বাছাইয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। নিজের পছন্দ, বাজেট ও সবরকম কথাবার্তা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।
Leave a comment