কলকাতা: শীতের মরশুম তো চলেই এল। আর শীতকাল এলেই ত্বকের শুষ্কতার সমস্যা বাড়তে থাকে। পাশাপাশি ঠান্ডা ও শুষ্ক হাওয়ায় ঠোঁটও রুক্ষ হয়ে যায়। অনেকেরই ঠোঁটের চামড়া উঠে যায়, দেখা দেয় ফাটার সমস্যা। বারবার লিপবাম মেখেও সব সময় স্বস্তি মেলে না। তবে ঠোঁটের যত্ন নিতে দামি প্রসাধনীর প্রয়োজন নেই। বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই ঠোঁটের যত্ন নিতে পারবেন।
১. অ্যালোভেরা ও মধুর মিশ্রণ
অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ মধু ভালো করে মেশান। এবার মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে ফেলুন। মধু ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। ফলে ঠোঁটের শুষ্কতা এবং রুক্ষতা কিছুটা কমতে পারে।
২. দুধ ও হলুদ
ঠোঁটের যত্নে দুধ ও হলুদও ব্যবহার করতে পারেন। এক চামচ দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে হলুদে কারও কারও অ্যালার্জি হতে পারে। তাই ব্যবহারের আগে সতর্ক থাকুন।
৩. গোলাপের পাপড়ি
আধ কাপ দুধে ৫-৬টি গোলাপের পাপড়ি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন পাপড়িগুলি ছেঁকে নিয়ে পেস্ট তৈরি করুন। সেই পেস্ট ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে রুক্ষ ঠোঁটে কোমলতা ফিরতে পারে।
আরও পড়ুন: ফ্রিজে ডিম নেই? ৫ উপকরণেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে কেক!
৪. শসার রস ও গ্লিসারিন
শুষ্ক ঠোঁটে আর্দ্রতা জোগাতে শসার রসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন। এক চামচ শসার রসে ৪-৫ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। ঠোঁটে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।
৫. মধু ও নারকেল তেলের মিশ্রণ
শীতের রুক্ষতা থেকে ঠোঁটকে রক্ষা করতে ব্যবহার করতে পারেন মধু ও নারকেল তেলের মিশ্রণ। এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ঘরোয়া উপকরণ ছাড়াও নিজের অভ্যাসেও কিছু বদল আনতে হবে। অনেকেরই ঠোঁট শুকিয়ে গেলে বারবার জিভ দিয়ে চাটার প্রবণতা থাকে। কিন্তু এতে ঠোঁটের আর্দ্রতা দ্রুত কমে যায়। তাই ঠোঁট চাটার অভ্যাস এড়িয়ে চলুন। পাশাপাশি পর্যাপ্ত জল পান করুন এবং জ্বালাভাব তৈরি করে এমন প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন।
Leave a comment