•
Home লাইফস্টাইল ফ্রিজে ডিম নেই? ৫ উপকরণেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে কেক!
লাইফস্টাইল

ফ্রিজে ডিম নেই? ৫ উপকরণেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে কেক!

Share
ছবি: সংগৃহীত
Share

কলকাতা: জন্মদিন হোক বা কোনও অনুষ্ঠান, উদযাপনের তালিকায় কেক থাকবেই। কিন্তু অনেকেই দোকান থেকে কিনে আনা কেক পছন্দ করেন না। বরং বাড়িতে বানিয়ে নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেক বানানোর জন্য ময়দা, চিনি, মাখন সবই কিনে আনলেন। কিন্তু হঠাৎ দেখলেন, ফ্রিজে ডিম নেই! তাহলে কেক বানানো কি আর হবে না? একেবারেই নয়। ডিম ছাড়াও দিব্যি বানিয়ে নিতে পারবেন নরম, তুলতুলে কেক। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই ডিমের অভাব মিটিয়ে ফেলতে পারেন। রইল এমনই পাঁচটি সহজ বিকল্প।

১. দই

কেকের মিশ্রণকে বাঁধতে সাহায্য করে দই। ডিম যদি না থাকে, ব্যবহার করুন টক দই। একটি ডিমের পরিবর্তে কাপের এক-চতুর্থাংশ দই নিন। এতে বেক করার পর কেক বেশ নরম হবে।

২. ঘোল

কেক তৈরিতে ডিমের বিকল্প হিসাবে ঘোলও কাজে আসতে পারে। এক-চতুর্থাংশ কাপ ঘোল ব্যবহার করুন। এর ফলে কেকের মিশ্রণে আর্দ্রতা বজায় থাকে। ফলে কেক শুকনো বা শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা কমে।

৩. বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ

কেককে ফুলিয়ে তুলতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ। একটি ডিমের পরিবর্তে এক চা চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার মেশান। এই দুই উপকরণ কেককে ফুলিয়ে তুলতে সাহায্য করে।

৪. তেল, বেকিং পাউডার ও জলের মিশ্রণ

ডিম না থাকলে রান্নাঘরের তিনটি সাধারণ উপকরণ ব্যবহার করতে পারেন। দেড় টেবিল চামচ সাদা তেলের সঙ্গে এক চা চামচ বেকিং পাউডার এবং দেড় টেবিল চামচ জল মিশিয়ে নিন। একটি ডিমের পরিবর্তে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। 

৫. পাকা কলা

ডিমের বদলে পাকা কলাও হতে পারে সহজ সমাধান। দু’টি পাকা কলা মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে নিন। একটি ডিমের পরিবর্তে এক-চতুর্থাংশ কাপ কলা মাখা ব্যবহার করুন। তবে যে কেক তৈরি করছেন, তার স্বাদের সঙ্গে কলার মিষ্টি গন্ধ মানানসই হবে কি না, তা আগে ভেবে নেবেন। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *