•
Home বিশ্ব দেহ মেলেনি, মেলেনি কোনও প্রমাণও! তবু নিখোঁজ স্ত্রীকে ‘মৃত’ ঘোষণা নেপালের, ক্ষোভে ফুঁসছেন শুভ্রাংশু
বিশ্বপশ্চিমবঙ্গ

দেহ মেলেনি, মেলেনি কোনও প্রমাণও! তবু নিখোঁজ স্ত্রীকে ‘মৃত’ ঘোষণা নেপালের, ক্ষোভে ফুঁসছেন শুভ্রাংশু

Share
হিডেন স্টোরিজ নিউজ
নেপাল সরকারকে চিঠি মুকুলপুত্র শুভ্রাংশুর। ফাইল ছবি
Share

কলকাতা: নেপাল বিপর্যয়ে নিখোঁজ ৩২ জনের সন্ধান না মিলতেই তাঁদের ‘মৃত’ ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। অথচ তল্লাশি অভিযান কীভাবে চলেছে, তাঁদের শেষ অবস্থানের কোনও সূত্র মিলেছে কি না কিংবা দেহ বা দেহাংশ উদ্ধার হয়েছে কি না—সেসব কোনও তথ্যই নিখোঁজদের পরিবারের হাতে নেই। এই পরিস্থিতিতে কীসের ভিত্তিতে তাঁর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়-সহ ৩২ জনকে মৃত বলে নতুন তালিকা তৈরি করা হলো, তার জবাব চেয়ে নেপাল সরকারকে ইমেল করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপাল-তিব্বত সীমান্তের গিরং পোর্ট এলাকা থেকে নিখোঁজ হন শর্মিষ্ঠাদেবী-সহ ৩২ জন। সম্প্রতি নেপাল সরকারের প্রকাশিত নিখোঁজদের তালিকায় ১৭৮ নম্বরে শর্মিষ্ঠাদেবীর নাম দেখা গিয়েছে। শুভ্রাংশুর অভিযোগ, তালিকা প্রকাশের পরও তল্লাশির অগ্রগতি বা কোনও সূত্র পরিবারের কাছে স্পষ্ট করা হয়নি। তাঁর প্রশ্ন, কোথায় তল্লাশি চালানো হয়েছে এবং কী প্রমাণ মিলেছে, তার কোনও নথিই পরিবারকে দেওয়া হয়নি। শেষ অবস্থানের সিসিটিভি ফুটেজ, মোবাইলের টাওয়ার লোকেশন, বাসের নম্বর কিংবা ব্যক্তিগত সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও অন্ধকারে রাখা হয়েছে পরিবারগুলিকে।

এই সমস্ত প্রামাণ্য তথ্য জানতেই নেপাল প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শুভ্রাংশু। পর্যটন ব্যবসার ক্ষতির আশঙ্কায় ৩২টি পরিবারের উদ্বেগ ও আবেগকে উপেক্ষা করা হচ্ছে কি না, সেই তীব্র প্রশ্নও তুলেছেন তিনি। নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় এই নিখোঁজের ঘটনায় ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শুভ্রাংশু। চিন ও তিব্বত সীমান্তের সিসিটিভি ফুটেজ-সহ প্রয়োজনীয় তথ্য উদ্ধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে শুভ্রাংশু জানান, তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানাবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *