•
Home বিশ্ব বড় ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে! ২,৩৬০ কোটির পোশাক বরাত হাতছাড়া, লাভের অঙ্কে ভারত?
বিশ্ব

বড় ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে! ২,৩৬০ কোটির পোশাক বরাত হাতছাড়া, লাভের অঙ্কে ভারত?

Share
হিডেন স্টোরিজ নিউজ
পোশাক শ্রমিকদের বিক্ষোভে বাংলাদেশ উত্তাল। ফাইল ছবি
Share

ঢাকা: ফের উত্তপ্ত হয়ে ওঠা বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা লাগল। শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার আবহে জ়ারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং সেলিয়োর মতো একাধিক আন্তর্জাতিক পোশাক সংস্থা বাংলাদেশ থেকে প্রায় ২,৩৬০ কোটি টাকার বরাত ফিরিয়ে নিয়েছে বলে খবর। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে তিন জন কারখানার মালিককে উদ্ধৃত করে জানানো হয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই বরাত সরানো হয়েছে, যা বাংলাদেশের মাসিক পোশাক বরাতের প্রায় এক-দশমাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সরে আসা বরাতের সিংহভাগই পেয়েছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও কিছু বরাত গিয়েছে। উৎপাদন কেন্দ্রগুলিতে বৈচিত্র্য আনতেই আন্তর্জাতিক সংস্থাগুলি এই পদক্ষেপ করেছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশ এবং জিডিপি-র প্রায় ১০ শতাংশ আসে পোশাক শিল্প থেকে, যেখানে প্রায় ৪০ লাখ শ্রমিক যুক্ত। ফলে এই শিল্পের সংকট দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে।

আরও পড়ুন: সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ৫০ লক্ষ মানুষের মানববন্ধনের হুঁশিয়ারি

অক্টোবরের শেষ দিক থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলন ৩১ অক্টোবর থেকে তীব্র রূপ নেয়। সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গাজিপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় সড়ক অবরোধে বহু কারখানা বন্ধ রাখতে হয়। বিজিএমইএ-র তথ্য অনুযায়ী, আন্দোলনে উৎপাদন খাতে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের বস্ত্র খাতের সংস্থাগুলির শেয়ারে তেজি ভাব দেখা দিয়েছে। রয়টার্সের খবর প্রকাশের পর গোকলদাস এক্সপোর্টসের শেয়ার ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে; ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারও প্রায় ২ শতাংশ করে বেড়েছে। বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, খরচ বৃদ্ধি এবং সরবরাহে প্রায় ১২০ দিন লাগায় আন্তর্জাতিক ক্রেতারা চাপে পড়ছেন, যেখানে ভারত-সহ অন্যত্র ৬০ থেকে ৯০ দিনে কাজ সারানো সম্ভব হচ্ছে। আল্প্‌‌স অ্যাপারেল্‌স গোষ্ঠীর এমডি খান মনিরুল আলমও জানিয়েছেন, ১ নভেম্বর থেকে নতুন বরাত কমেছে এবং পুরনো বরাতও বাতিল বা স্থগিত হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *