•
Home Top-News Madhya Pradesh Encounter: পুলিশ অফিসারকে পিষে মারার বদলা! মধ্যপ্রদেশে পুলিশের বন্দুক কেড়ে পালাতে গিয়ে জোড়া এনকাউন্টারে রক্তাক্ত দুই অপরাধী!
Top-Newsদেশ

Madhya Pradesh Encounter: পুলিশ অফিসারকে পিষে মারার বদলা! মধ্যপ্রদেশে পুলিশের বন্দুক কেড়ে পালাতে গিয়ে জোড়া এনকাউন্টারে রক্তাক্ত দুই অপরাধী!

Share
‘এনকাউন্টার’ মধ্যপ্রদেশে। ছবি-সংগৃহীত
Share

ভোপাল: কর্তব্যরত পুলিশ আধিকারিককে ট্রাকের চাকায় পিষে মারার ঠিক পরেই মধ্যপ্রদেশে ঘটে গেল একের পর এক নাটকীয় এনকাউন্টার। মঙ্গলবার রাতে রাজ্যের পৃথক দুটি প্রান্ত রক্তহিম করা এই অভিযানে কেঁপে ওঠে। পুলিশ অফিসার খুনে অভিযুক্ত প্রধান দুই পাণ্ডা ও আরও এক হাই-প্রোফাইল মামলার অভিযুক্তকে ধরতে গিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের দাবি, হেফাজত থেকে অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের দেবাসে। সোমবার ভোরে ইনদওর-বেতুল জাতীয় সড়কের ওপর গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং করছিলেন এসএইচও দিলীপ পুরী। সেই সময় ১৮০০ লিটারেরও বেশি অবৈধ মদ বোঝাই একটি ট্রাক আটকান তিনি। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে বেপরোয়াভাবে ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। সেই সময় রাস্তার ডিভাইডারে ট্রাকটি উঠে গেলে চালকের পেছনের চাকা পিষে দেয় দিলীপ পুরীকে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

পুলিশ সুপার আদিত্য মিশ্রের তত্ত্বাবধানে তল্লাশি চালিয়ে মঙ্গলবার আলিরাজপুর জেলা থেকে মূল অভিযুক্ত ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াতকে পাকড়াও করে পুলিশ। দেবাসে নিয়ে আসার পথে পুলিশকর্মীর রিভলভার কেড়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে সে। এমনকি পুলিশের ওপর গুলিও চালায়। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গজেন্দ্রর পায়ে লাগে। প্রথমে দেবাস ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইনদওরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, ওই ট্রাকে থাকা তার সহকারী ধীরজকেও অন্য একটি দল গ্রেফতার করে। থানায় নিয়ে যাওয়ার পথে ধীরজও পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে তার পায়েও গুলি চালায় পুলিশ। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: মন্দিরের চাতালে স্ত্রীর কাটা মুন্ডু কোলে স্বামী! সাতসকালে এ কী দেখল গঙ্গারামপুর!https://hiddenstories.news/2026/11/04/husband-sits-in-front-of-temple-holding-wifes-severed-head-on-his-lap-after-gruesome-murder-in-gangarampur/

শুধু দেবাসই নয়, একই দিনে ভোপালেও অন্য একটি এনকাউন্টার কাঁপিয়ে দেয় রাজ্যকে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাকেশ অগ্রবাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বরুণ কুমারকে উত্তরপ্রদেশের আগ্রা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার ভোপালে তাকে নিয়ে আসার সময় সেও পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পালটা গুলিতে তার পায়েও গুলি লাগে এবং পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে কাবু করে ফেলে। পরপর এমন দুটি এনকাউন্টারের ঘটনায় গোটা মধ্যপ্রদেশজুড়ে এখন তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার পরিবেশ বজায় রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *