•
Home খেলা অস্তমিত ঊষা! ভোটের লড়াইয়ে এবার সাইনা
খেলা

অস্তমিত ঊষা! ভোটের লড়াইয়ে এবার সাইনা

Share
অলিম্পিক সংস্থার ভোটে সাইনা?
Share

নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) শীর্ষ পদে পরিবর্তনের হাওয়া জোরালো হয়ে উঠল। আইওএ-র জেনারেল বডির নির্বাচনে প্রাক্তন তারকা অ্যাথলিট পিটি ঊষার লজ্জাজনক হারের পরেই সংস্থার পরবর্তী সভাপতি পদে প্রাক্তন অলিম্পিক পদকজয়ী শুটার গগন নারাংয়ের বসা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। 

সোমবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল বডির জন্য ‘স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ বা বিশিষ্ট ক্রীড়াবিদদের নির্বাচনে শোচনীয়ভাবে পরাস্ত হন বিদায়ী সভাপতি পিটি ঊষা। এর ফলে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা আইওএ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সমস্ত আইনি দরজাও বন্ধ হয়ে গেল।

সোমবারের ভোটাভুটিতে পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে মোট আটজন প্রাক্তন কৃতি ক্রীড়াবিদ আইওএ-র জেনারেল বডির জন্য নির্বাচিত হয়েছেন। পুরুষ বিভাগে জয়ী হয়েছেন গগন নারাং, কমলেশ নবীনচন্দ্র মেহতা, যোগেশ্বর দত্ত এবং বিজেন্দর সিং। 

অন্য দিকে, মহিলা বিভাগে সাইনা নেহওয়াল, অঞ্জু ববি জর্জ, রানি রামপাল এবং দোলা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথিতযশা তারকারা জেনারেল বডির টিকিট নিশ্চিত করেছেন। তবে ক্রীড়াবিদদের এই অভ্যন্তরীণ নির্বাচনেই বড়সড় ধাক্কা খান পিটি ঊষা। সহকর্মীদের আস্থার ভোরে তিনি ছিটকে যাওয়ায় আইওএ সভাপতি পদে তাঁর দ্বিতীয় ইনিংসের সম্ভাবনা এক প্রকার মুছে গেল।

আরও পড়ুন : কল্যাণকে স্বস্তি দিল ব্রাজিল-উরুগুয়ে! নির্বাচনী দামামা ফুটবল হাউজে

গত চার বছর ধরে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলানো ঊষার এই জমানায় নানা অভ্যন্তরীণ কোন্দল ও প্রশাসনিক অস্থিরতার খবর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। 

বিশেষ করে, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তথা আইওএ-র জয়েন্ট সেক্রেটারি কল্যাণ চৌবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব এবং সাম্প্রতিক সময়ে এশিয়ান গেমসে ভারতের প্রত্যাশিত সাফল্যের ঘাটতি তাঁর বিরুদ্ধে অসন্তোষ বাড়িয়ে দিয়েছিল। ক্রীড়াবিদদের একটি বড় অংশ যে তাঁর কার্যকলাপে সন্তুষ্ট ছিল না, সোমবারের এই নির্বাচনী ফল তারই স্পষ্ট প্রতিফলন।

জেনারেল বডির এই ভোটাভুটির পরই আইওএ অন্দরে রাজনৈতিক তৎপরতা বহুগুণ বেড়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বরের পর থেকে শুরু হতে চলেছে নির্বাচনের আনুষ্ঠানিক মনোনয়ন জমা দেওয়ার পর্ব। আর এই দৌড়ে সভাপতি পদের জন্য সবথেকে শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছেন গগন নারাং। যদিও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন বলে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে।  

তবুও সংখ্যাতত্ত্ব এবং রাজনৈতিক সমীকরণে সাইনার জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ওয়াকিবহাল মহলের ধারণা, শেষ পর্যন্ত বিরোধীরা উপযুক্ত প্রার্থী না দিলে গগন নারাং সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আইওএ-র পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হবেন। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *