নদিয়া: কালীপুজোর বিসর্জন ঘিরে উৎসবের আমেজ। প্রতিমা নিরঞ্জনের জন্য আলো ঝলমলে আয়োজনও করা হয়েছিল। কিন্তু সেই আনন্দই বদলে গেল বিষাদে। আলোর ব্যবস্থার জন্য জেনারেটর রাখা হয়েছিল। চলন্ত জেনারেটরের যন্ত্রাংশে চুল জড়িয়ে প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সের এক তরুণী। মর্মান্তিক ঘটনাটি নদিয়ার তাহেরপুরের বাদকুল্লা এলাকার। মৃতার নাম দিয়া সরকার। ছাত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির কালীপ্রতিমার বিসর্জন ছিল। দিয়া ওই এলাকারই বাসিন্দা। বাপুজি নগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বিসর্জনের শোভাযাত্রায় সকলের সঙ্গে সামিল হয়েছিল সেও। প্রতিমা নিরঞ্জনের পর গড়িয়াপোতা ঘাট থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।
আরও পড়ুন: তৈরি হবে ঘাটের ‘ডেটাশিট’, ছটের প্রস্তুতিতে দাবি শঙ্করের
বিসর্জনের শোভাযাত্রায় আলোর জন্য একটি জেনারেটর ভাড়া করা হয়েছিল। অভিযোগ, চলন্ত জেনারেটরের পাশ দিয়ে যাওয়ার সময় দিয়ার মাথার চুল জেনারেটরের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে জেনারেটরের বেল্টে চুল আটকে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি দেখে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি জেনারেটর বন্ধ করে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় তাহেরপুর থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করে। জানা যায়, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সেখানে ময়নাতদন্ত হবে। দুর্ঘটনার পর বিসর্জনের শোভাযাত্রায় ব্যবহৃত গাড়িগুলি এবং জেনারেটর-সহ ইঞ্জিন ভ্যানটি আটক করেছে পুলিশ। উৎসবের আবহে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
Leave a comment