•
Home বিনোদন বিগ বসের পর ফের ছোট পর্দায় সৌরভ! এবার কোন ভূমিকায় মহারাজ?
বিনোদন

বিগ বসের পর ফের ছোট পর্দায় সৌরভ! এবার কোন ভূমিকায় মহারাজ?

Share
Hidden Stories News
ফের টেলিভিশনের পর্দায় সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: ক্রিকেটের দুনিয়ায় নিজের দক্ষতা ও নেতৃত্বের ছাপ রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি টেলিভিশনের দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। বর্তমানে ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। তবে রিয়্যালিটি শো শেষ হলেই আবারও বাংলা নন-ফিকশন অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মহারাজকে। স্টার জলসার নতুন অনুষ্ঠান ‘খেলো বাংলা খেলো’-র সঞ্চালকের দায়িত্বে থাকবেন তিনি। সৌরভের ফের টেলিভিশনে প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই আগ্রহী দর্শক। 

ক্রিকেট থেকে অবসর নিলেও খেলার দুনিয়ার সঙ্গে আজও তাঁর সম্পর্ক অটুট। মাঠের পাশাপাশি টেলিভিশন শোয়ে অনুরাগীদের মন জয় করেছেন সৌরভ। বিগ বস বাংলার মঞ্চে তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখার পর এবার নতুন এক অনুষ্ঠানে দর্শক তাঁর উপস্থিতি দেখতে পাবেন। তাঁর ব্যক্তিত্ব,  সাবলীল কথা বলার ভঙ্গি সব মিলিয়ে নতুন শোয়ের বিশেষ আকর্ষণ হতে চলেছেন সৌরভ।

আরও পড়ুন: সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি! নেপথ্যে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের যোগ? 

অনুষ্ঠানের নাম ‘খেলো বাংলা খেলো’। ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে, অনুষ্ঠানটি সাজানো হবে খেলাধুলাকে কেন্দ্র করেই। তবে প্রতিযোগিতার ধরন কী হবে, কারা অংশ নেবেন কিংবা অনুষ্ঠানটি  কীভাবে সাজানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে আসন্ন শোয়ের বিষয়বস্তু নিয়ে কৌতূহল থাকছেই। বিশেষ করে সৌরভের মতো পরিচিত মুখকে সঞ্চালকের আসনে দেখতে দর্শকের আগ্রহ রয়েছে তুঙ্গে।

বাংলা টেলিভিশনে নন-ফিকশন অনুষ্ঠানের জনপ্রিয়তা নতুন নয়। কখনও গানের প্রতিযোগিতা, কখনও রান্নার অনুষ্ঠান, আবার কখনও কুইজ সবকিছু ঘিরেই দর্শকদের আগ্রহ থাকে। সেই ধারাতেই এবার নতুন সংযোজন ‘খেলো বাংলা খেলো’। তবে এই অনুষ্ঠানে কী কী দিক থাকবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। বিগ বস বাংলার পর ফের ছোট পর্দায় সৌরভের নতুন ইনিংস। দর্শকদের মনে ‘দাদা’ কতটা জায়গা করে নেয়, এখন সেদিকেই নজর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *