•
Home Top-News ফুঁসছে সাগর, আকভানে সন্ত্রস্ত পুরী, আগাম তৈরি বাংলা 
Top-Newsপশ্চিমবঙ্গ

ফুঁসছে সাগর, আকভানে সন্ত্রস্ত পুরী, আগাম তৈরি বাংলা 

Share
Hidden Stories News
পুরীর কাছে আছড়ে পড়বে ‘আকভান’! নিজস্ব ছবি
Share

কলকাতা: উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার, ২০ নভেম্বর ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতেও। বুধবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তবে শুক্রে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা। অন্যদিকে, পুরীতেও একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ওড়িশা প্রশাসন।

মৌসম ভবনের খবর অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। পুরী থেকে এর দূরত্ব ছিল প্রায় ৪৭০ কিলোমিটার। উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার দুপুরের মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। তবে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলের গোপালপুর সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যজুড়েও বর্ষণ চলছে। বুধবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কখনও ঝিরঝিরে, কখনও ভারী বৃষ্টি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা নেই। ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: পুরীর দিকে ঘূর্ণিঝড় আকভান! বাংলায় একাধিক ট্রেনের সময় বদল

বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমতে পারে বলে আগাম সতর্ক কলকাতা পুরসভা। পরিস্থিতির দিকে নজর রাখতে বিশেষ বৈঠক হয়েছে। রাস্তা, নিকাশি, এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত নিকাশি ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের মুখ খুলে জল বের করার ব্যবস্থা করতে হবে। নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দফতরের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিকাশি নালায় আবর্জনা জমে যাতে জল বেরোনোর পথ বন্ধ না হয়, সে দিকেও নজর রাখবেন সাফাইকর্মীরা।

ভবানীপুর, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং ডালহৌসির আশপাশের মতো জল জমার আশঙ্কা রয়েছে। তাই এই এলাকাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নিচু জায়গা থেকে দ্রুত জল সরাতে ‘জেড সাকশন’ গাড়ি মোতায়েন রাখার ব্যবস্থাও করছে কলকাতা পুরসভা। শহরের কোথাও জল জমা ছাড়াও কোনও বিপর্যয়ের খবর এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পর্যটকশূন্য হতে শুরু করেছে পুরী। সমুদ্র উত্তাল রয়েছে। তাই পুরী, চন্দ্রভাগা ও অস্তরঙ্গের মতো পর্যটনকেন্দ্রে সাধারণ মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আপাতত পর্যটকদের পুরী সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যাঁরা সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রসৈকতে চলছে নজরদারি ও মাইকিং। সমুদ্রতীরের দোকানপাটও বন্ধ রাখা হয়েছে। 


মন্দিরেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পুরীর গুন্ডিচা মন্দির। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, জগন্নাথ মন্দিরের মূল মন্দিরে নিয়মিত পুজো ও দর্শন চালু রয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ওড়িশার একাধিক নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন রয়েছে এনডিআরএফ, ওডিআরএফ-সহ বিভিন্ন উদ্ধারকারী দল। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত রেল পরিষেবাও। ওড়িশা উপকূলের উপর দিয়ে যাতায়াতকারী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সময়ও বদলেছে কিছু দূরপাল্লার ট্রেনেরও। বাতিল ও পরিবর্তিত পরিষেবার তালিকায় রয়েছে মেমু, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন। হাওড়া-সহ বাংলার সঙ্গে দক্ষিণ ভারতের সংযোগকারী কয়েকটি ট্রেনও নির্ধারিত সময়সূচিতে বদল এসেছে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *