ঢাকা: বাংলাদেশে ফিরতে মরিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার কথা জানিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইসি) চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আগেই আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই চিঠির কোনও জবাব মেলেনি। তাই বৃহস্পতিবার ফের চিঠি পাঠালেন হাসিনা। পাশাপাশি আর্জি জানিয়েছেন, এবার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে দেখার জন্য।
সূত্রের খবর, গত ৯ নভেম্বর লন্ডনের আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হাসিনা প্রথম চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানান তিনি। তবে বাংলাদেশের সরকারের তরফে চিঠির জবাব এখনও পর্যন্ত দেওয়া হয়নি। যদিও ঢাকার একাধিক প্রতিনিধি সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তাই নতুন করে বৃহস্পতিবার দ্বিতীয় বার চিঠি পাঠিয়ে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: জ্বলছে বাংলাদেশ! পাল্টা আগুন ১৫ আওয়ামি নেতার বাড়িতে, উদাসীনতার অভিযোগ তারেক সরকারের বিরুদ্ধে
বাংলাদেশে ফেরার ক্ষেত্রে হাসিনার সামনে একাধিক আইনি বাধা রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে হাসিনার মৃত্যুদণ্ড অনিবার্য। এমনকী দাবি করা হয়েছে, রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর নির্ধারিত সময়ও পেরিয়ে গিয়েছে। ফলে দেশে ফিরলে গ্রেফতারি এবং সাজা কার্যকরের আশঙ্কা রয়েছে। যদিও হাসিনা জানিয়েছেন, কিছুতেই ভয় পান না তিনি। তাঁর বাংলাদেশে ফেরা কেউ আটকাতে পারবে না। প্রয়োজনে নিজের দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে রাজি তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এরপর ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। হাসিনার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা। সেই কারণেই আবার নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র পাওয়ার জন্য তৎপর হয়েছেন তিনি।
অন্যদিকে, হাসিনার ফেরার খবর ছড়াতেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জেলায় অশান্তি ছড়িয়েছে। দু’টি ট্রেন এবং রেললাইনে আগুন ধরানো হয়েছে। পুড়েছে ১২টি বাস। পাশাপাশি আটক করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কিন্তু সেখানেই থেমে নেই। ফের আটক করা হয়েছে আরও এক অভিনেতাকে। এবার পুলিশি হেফাজতে দেশের ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুব। বৃহস্পতিবার রাতেই ঢাকার আজিমপুর এলাকা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তবে এখনও পর্যন্ত কোনও মামলায় গ্রেফতার দেখানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, সেখানে যুক্ত ছিলেন তমাল মাহবুব। ওই একই গোষ্ঠীর সদস্যদের তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল বলে জানা যায়। বৃহস্পতিবার ভোররাতে ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসন থেকে অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a comment