নয়াদিল্লি: ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশ থেকে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজের বাদ পড়া ঘিরে এ বার বাইশ গজের গণ্ডি ছাড়িয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল দেশে।
শুক্রবার কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণেই ভাল পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সিরাজকে। কংগ্রেস নেতার এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণে নেমেছে শাসকদল বিজেপি।
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচনের মধ্যেও কংগ্রেস ‘ভোটব্যাঙ্ক ও সাম্প্রদায়িক রাজনীতি’ টেনে আনছে বলে তীব্র ভর্ৎসনা করেছে গেরুয়া শিবির। পাশাপাশি, ক্রিকেট মহলেও সিরাজের মতো অভিজ্ঞ ও ছন্দে থাকা বোলারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরব হয়েছেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর এবং মহম্মদ আজহারউদ্দিনের মতো প্রাক্তন কিংবদন্তিরা।
শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, “শোনা যাচ্ছে ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও ওকে দলে জায়গা দেওয়া হয়নি। ওর নাম ‘সিরাজ’, আর সেই কারণেই ওকে দলে নেওয়া হয়নি। ভাল খেলার পরেও যদি কাউকে নির্বাচিত না করা হয়, তা হলে বৈষম্যটা স্পষ্ট হয়ে যায়।”
ইমরান মাসুদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সমাজমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ কংগ্রেসকে নিশানা করে লেখেন, “কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! এ বার ক্রিকেট দল নির্বাচনেও ভোটব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস! কংগ্রেস বলছে, ‘মুসলিম হওয়ার কারণেই সিরাজকে বাদ দেওয়া হয়েছে’। তা হলে তো রবীন্দ্র জাডেজাকেও বাদ দেওয়া হয়েছে! প্রত্যেক ক্রিকেটার ভারতের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেন। ভোটব্যাঙ্ক ও সাম্প্রদায়িক রাজনীতির স্বার্থে ভারতীয় ক্রিকেট দলকে ভাগ করা বন্ধ করুন!”
আরও পড়ুন : ওয়েলিংটনে গিলের রিভিউ বিভ্রাট! কিউই ৩৬৮
রাজনৈতিক বিতর্কের পাশাপাশি, ক্রিকেটীয় যুক্তিতেও ওয়েলিংটনের সবুজ পিচে সিরাজকে না খেলানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে ১১টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি মহম্মদ সিরাজই। তাঁর বোলিং গড় ২৬.৮১ এবং স্ট্রাইক রেট ৪৫.৬৯।
এমন এক ছন্দে থাকা বোলারকে বসিয়ে তরুণ অংশুল কম্বোজকে খেলানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী, যাঁর কোচিংয়েই টেস্ট অভিষেক হয়েছিল সিরাজের। এক্স হ্যান্ডলে শাস্ত্রী লেখেন, “আশা করি ভারত দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু গতি, দক্ষতা এবং সিম মুভমেন্ট যদি দল নির্বাচনের মাপকাঠি হয়, এবং ঘণ্টায় ১৪০ কিমি গতির বোলিং যদি দুর্লভ হয়ে পড়ে, তা হলে প্রশ্ন উঠবেই, মহম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন এবং বল হাতে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতার নিশ্চয়ই একটা মূল্য আছে।”
সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় কিংবদন্তি সুনীল গাভাসকরও সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, সিরাজ কখনও ভারতকে নিরাশ করেননি এবং যথেষ্ট ভাল ছন্দেই ছিলেন।
অন্য দিকে, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা তেলঙ্গানার মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিনও এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতের প্রথম একাদশে মহম্মদ সিরাজকে না দেখে আমি হতাশ। অতীতে বুমরাহর অনুপস্থিতিতে যখনই দলের প্রয়োজন হয়েছে, সিরাজ নিজের দায়বদ্ধতা, দক্ষতা এবং লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছেন। তরুণ কম্বোজকে শুভেচ্ছা জানিয়েও বলব, সিরাজের আরও ভাল বিবেচনা প্রাপ্য ছিল। আশা করি, ওঁকে উপযুক্ত সম্মান ও স্বচ্ছতার সঙ্গে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা হয়েছে।”
সব মিলিয়ে, ওয়েলিংটন টেস্টে সিরাজের অনুপস্থিতি ঘিরে ক্রিকেটীয় সমালোচনার পাশাপাশি রাজনৈতিক পারদও এখন তুঙ্গে।
Leave a comment