পটনা: গঙ্গার উপর তৈরি হল আরও একটি সেতু। আর এই সেতুর নামকরণ করা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে। শনিবার নতুন এই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু উদ্বোধনের সময় গামছা উড়িয়ে বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। সেতুটি ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ। পটনা জেলার কাচ্চি দরগাকে বৈশালীর বিদুপুর ব্লকের সঙ্গে যুক্ত করেছে এই সেতু। নির্মাণকাজ শুরু হওয়ার প্রায় ১৪ বছর পর অবশেষে সেতুটি চালু হল।
মোদীর গামছা ওড়ানোর দৃশ্য উসকে দিয়েছে গত বছরের স্মৃতি। ২০২৫ সালের ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর বিজেপির সদর দফতরে গামছা উড়িয়ে প্রবেশ করেছিলেন প্রধানমন্ত্রী। প্রায় এক বছর পর বিহারে সেতু উদ্বোধনের সময় ফের একই ভঙ্গিতে দেখা গেল তাঁকে।
শনিবার সকালে পশ্চিমবঙ্গে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি সেরে বিহারে পৌঁছোন মোদী। পটনা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জেডিইউ প্রধান তথা রাজ্যসভার সাংসদ নীতীশ কুমার। পরে নীতীশের সঙ্গে ছবি সমাজমাধ্যমে ভাগ করে প্রধানমন্ত্রী লেখেন, “পটনা বিমানবন্দরে নীতীশ কুমারজির সঙ্গে দেখা করে খুব ভাল লাগল।”
আরও পড়ুন: বাংলায় শিল্প খরা কাটানোর বার্তা মোদীর, অতীত টেনে নিশানায় বামেরা
তবে সেতু উদ্বোধনের পরই তার নামকরণ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব কটাক্ষ করে বলেন, “আমরা সকলেই জানি, যখন কোনও ব্যক্তি জীবিত থাকেন, তখন তাঁর নামে কোনও মূর্তি বা সেতু তৈরি হয় না। হয়তো বিজেপি এই বার্তাই দিতে চাইছে যে, নীতীশের রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে।”
আরজেডির দাবি, সেতু নির্মাণের সময় তারা স্বাধীনতা সংগ্রামী এবং কর্পূরী ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী অক্ষয়বট রাইয়ের নামে সেতুটির নামকরণের প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, তেজস্বীর কটাক্ষের জবাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র কুন্তল কৃষ্ণও। তাঁর অভিযোগ, তেজস্বী ও তাঁর পরিবার কেবল লুটপাটই চালিয়েছে।
Leave a comment