খড়গপুর: রাজ্যে পালাবদলের পর ফের বঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে শিল্পমুখী করে তোলার এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। এর আগেও আগেও একাধিকবার বাংলার শিল্প ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এবার ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ টেনে রাজ্যের শিল্পোন্নয়নের লক্ষ্যে আরও জোর দিলেন মোদী। শনিবার আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মঞ্চ থেকেই সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তিগত অগ্রগতি এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের কথা তুলে ধরেন তিনি।
বাংলার শিল্পে দীর্ঘদিনের খরা কাটিয়ে রাজ্যকে শিল্পমুখী করে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে বাম আমলের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, “গত ৭৫ বছর ধরে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান নানা পরিবর্তনের সাক্ষী। এই দীর্ঘ সময়ে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছেছে ভারত। ভবিষ্যতে চিপ থেকে শিপ (জাহাজ), সব কিছুই ভারতে তৈরি হবে।” এই পরিপ্রেক্ষিতেই তাঁর অভিযোগ, “৫০ বছর আগেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়।”
আরও পড়ুন: পালাবদলের পর বাংলায় মোদী, আইআইটি খড়গপুরে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
আইআইটি ক্যাম্পাসের মঞ্চ থেকে আগামী দিনের ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, “৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের সফর দেখেছে ভারত। পশ্চিমবঙ্গের মাটি সবসময় নতুন আইডিয়া তৈরি হয়। বিকশিত ভারত তৈরিতে আইআইটি খড়গপুর বড় ভূমিকা নেবে।” প্রধানমন্ত্রীর কথায়, “অনেকে নিজেরাই নিজেদের সীমাবদ্ধতা তৈরি করেন। কিন্তু চিন্তাভাবনার সীমাকে ভেঙে ফেলতে হবে। গত কয়েকবছরে ভারত এভাবেই সাফল্য দেখেছে। আমরা সবসময় চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা রাখি। এখন ভারত চিপ রপ্তানি করে। গত ৪ বছরে দেশে সেমিকন্ডাক্টরেও সাফল্য এসেছে।”
শুধু শিল্পায়ন নয়, দারিদ্র দূরীকরণ নিয়েও কংগ্রেসকে একহাত নেন মোদী। নাম না করে ইন্দিরা গান্ধির ‘গরিবি হটাও’ স্লোগানের প্রসঙ্গও তুলে ধরেন। বর্তমান সরকারের কাজের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রীর দাবি, গত ১২ বছরে ৫০ কোটিরও বেশি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। শৌচালয় নির্মাণ ও উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। গরিব মানুষের হাতে সুযোগ ও ক্ষমতা পৌঁছে দেওয়ার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে পশ্চিমবঙ্গের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গও। তাঁর কথায়, এই মাটিতে বরাবরই নতুন ভাবনার জন্ম হয়েছে। স্বাধীনতা সংগ্রামীরা দেশকে উন্নতির শিখরে দেখতে চেয়েছিলেন। সেই আকাঙ্ক্ষা থেকেই ক্রমশ আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত। পড়ুয়াদের উদেশ্যেও বার্তা দেন তিনি। তিনি বলেন, ব্যক্তিগত সীমাবদ্ধতা ভেঙে ‘নেশন ফার্স্ট’ ভাবনাকে সামনে রেখে কাজ করতে হবে।
Leave a comment