•
Home খেলা ক্রাইস্টচার্চেও কি ব্রাত্য সিরাজ ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হতে পারে গুরনুরের
খেলা

ক্রাইস্টচার্চেও কি ব্রাত্য সিরাজ ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হতে পারে গুরনুরের

Share
ক্রাইস্টচার্চে কি এই রান-আপ দেখা যাবে? ছবি : বিসিসিআই
Share

ক্রাইস্টচার্চ: ওয়েলিংটনের ব্যাটিং-স্বর্গে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রানের পাহাড় গড়েও নিউজিল্যান্ডের শেষ ইনিংসের দশটি উইকেট তুলতে না পারার আক্ষেপ এখনও তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় শিবিরকে। 

সেই হতাশা ঝেড়ে ফেলে এ বার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় তথা নির্ণায়ক টেস্টে নামছে শুভমন গিলের ভারত। কিন্তু শুক্রবার ম্যাচ শুরুর আগে ভারতীয় ড্রেসিংরুমে সবচেয়ে বড় প্রশ্ন প্রথম একাদশে কি ফিরবেন অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজ? 

নাকি টেস্ট ক্যাপ মাথায় পরবেন ছ’ফুট চার ইঞ্চির তরুণ পেসার গুরনুর ব্রার? বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল যে ইঙ্গিত দিলেন, তাতে মনে করা হচ্ছে ক্রাইস্টচার্চেও রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হতে পারে সিরাজকে এবং প্রথম টেস্টে নিষ্প্রভ থাকা প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় টেস্ট অভিষেক হতে পারে গুরনুরের।

গত বছর ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে ২৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ছিলেন ৩২ বছর বয়সি মহম্মদ সিরাজ। অথচ চলতি নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে ফর্মের দোহাই দিয়ে তাঁকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন অধিনায়ক শুভমন গিল। যা নিয়ে ক্রিকেট মহলে কম জলঘোলা হয়নি।

আরও পড়ুন : পরের টেস্টের জন্য পেসারদের চাঙ্গা রাখতেই ড্রয়ের সিদ্ধান্ত, অকপট শুভমন 

এ দিন সিরাজের প্রত্যাবর্তন প্রসঙ্গে মর্কেল তাঁকে ‘বিশ্বমানের বোলার’ বলে অভিহিত করলেও স্পষ্ট বুঝিয়ে দেন, এখনই প্রথম একাদশে ফেরার পথ মসৃণ নয় তাঁর। মর্কেল বলেন, “সিরাজ ভালই বল করছেন, উনি বিশ্বমানের বোলার। কিন্তু দল নির্বাচনের সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন। আমি ওকে বলেছি, একটু পিছিয়ে দাঁড়িয়ে নিজের খেলাটা নতুন করে পর্যালোচনা করতে। নির্বাচন আমাদের হাতে নেই। এখন আমাদের কাজ হল যাঁরা খেলছেন, তাঁদের পূর্ণ সমর্থন জোগানো। কারণ ভারতের হয়ে খেলার স্বপ্ন ওঁদেরও রয়েছে।”

সিরাজের অপেক্ষা বাড়লেও ক্রাইস্টচার্চের পেস ও বাউন্স-সহায়ক পিচে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজরে রয়েছেন পঞ্জাবের ২৫ বছরের পেসার গুরনুর ব্রার। চলতি সফরের পাঁচ ম্যাচের একদিনের সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলে ১৫.৮৯ গড়ে ৯টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। 

তাঁর গতি, হার্ড লেংথে বল করার ক্ষমতা এবং অতিরিক্ত বাউন্স আদায় করার দক্ষতা মুগ্ধ করেছে মর্কেলকেও। বোলিং কোচের কথায়, “গুরনুর দলে যোগ দেওয়ার পর থেকেই ওকে নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। ওর গতি এবং বাউন্স এখানকার পরিবেশের সঙ্গে দারুণ মানানসই। ও দরজায় কড়া নাড়ছে এবং সঠিক পথেই এগোচ্ছে। তবে অভিষেকের উত্তেজনায় মনঃসংযোগ হারালে চলবে না। সুযোগ এলে ও যেন ১০০ শতাংশ প্রস্তুত থাকে, সেটাই নিশ্চিত করা আমার কাজ।”

প্রসঙ্গত, ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৭২০ রান তোলার পরও দ্বিতীয় ইনিংসে ১২০ ওভার ব্যাট করে ২৩৯/৫ স্কোরে ম্যাচ ড্র করে বেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অংশুল কম্বোজ, ভারতের চার পেসারের কেউই চতুর্থ ইনিংসে কিউয়ি ব্যাটারদের উপর সে ভাবে চাপ সৃষ্টি করতে পারেননি। 

পরপর দু’টি টেস্টে প্রতিপক্ষের শেষ ইনিংসের দশ উইকেট নিতে না পারায় বোলিং আক্রমণের ধার নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া ইনিংস গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতীয় পেসারদের গতি কমে যাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। 

যদিও মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ বা অন্য পেসারদের আড়াল করে মর্কেল জানান, ওয়েলিংটনের পিচে ঘাস দেখে তাঁরা ভেবেছিলেন বল ওঠানামা করবে, কিন্তু বাস্তবে পিচ থেকে কোনও সাহায্যই মেলেনি এবং নিউজিল্যান্ডের পেসারদের গতিও ওই পিচে কমে গিয়েছিল।

সব মিলিয়ে, হ্যাগলি ওভালের চিরাচরিত সবুজ ও বাউন্সি উইকেটে বুমরাহ ও আকাশ দীপের সঙ্গে গুরনুর ব্রারের অন্তর্ভুক্তি ভারতীয় বোলিং আক্রমণে নতুন বৈচিত্র আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে বাইরের সমালোচনায় কান না দিয়ে সেশন ধরে ধরে নিজেদের সেরা ক্রিকেট খেলার এবং প্রতিটি কঠিন পরিস্থিতির সমাধান খোঁজার বার্তাই এ দিন দলকে দিয়েছেন মর্নে মর্কেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *