•
Home লাইফস্টাইল মুখে বডি লোশন মাখছেন? অজান্তেই ত্বকের বড় ক্ষতি করছেন না তো!
লাইফস্টাইল

মুখে বডি লোশন মাখছেন? অজান্তেই ত্বকের বড় ক্ষতি করছেন না তো!

Share
ছবি: এ আই দ্বারা নির্মিত।
Share

কলকাতা: শীত হোক কিংবা গরম, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার জরুরি। তবে শীত পড়তেই ত্বক আরও শুষ্ক হয়ে যাচ্ছে। স্নান সেরে বেরিয়েই ত্বক টানটান লাগছে? হাতের কাছে থাকা বডি লোশনই মুখে মেখে নিলেন। সময় বাঁচাতে অনেকেই এমনটা করে থাকেন। কিন্তু বডি লোশন মুখে ব্যবহার করা কি আদৌ ঠিক?

শরীরের অন্যান্য অংশের তুলনায় মুখের ত্বক বেশি সংবেদনশীল। মুখে বডি লোশন ব্যবহার করলে অনেকেরই ব্রণ বা অ্যালার্জির সমস্যা দেখা দেয়। বিশেষ করে চোখ, নাক ও ঠোঁটের আশপাশের অংশে জ্বালা বা অস্বস্তি হওয়ার আশঙ্কা থাকে। অনেক বডি লোশনে ঘন তেল, মাখনজাতীয় উপাদান থাকে। এগুলি মুখে ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ, ব্ল্যাকহেডস কিংবা ছোট ছোট দানা দেখা দিতে পারে। 

বডি লোশনে থাকা সুগন্ধি ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। এর ফলে চুলকানি, লালচে ভাব কিংবা নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার শুষ্ক ও খসখসে ত্বকের জন্য তৈরি কিছু লোশনে ইউরিয়া বা ল্যাকটিক অ্যাসিডের মতো উপাদান থাকে। সেগুলি মুখে ব্যবহারে অনেকের জ্বালাপোড়া হতে পারে। বিশেষত যাঁদের ত্বক সংবেদনশীল বা একজিমার সমস্যা রয়েছে, তাঁদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন: বেঁচে থাকার তাগিদে জন্ম, আজ পাড়ার মোড়ের প্রিয় খাবার! জানেন মোমোর ইতিহাস?

মুখের জন্য ময়েশ্চারাইজার বাছবেন কীভাবে? 

প্রথমেই বুঝতে হবে আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক, সংবেদনশীল নাকি মিশ্র। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বেছে নিন হালকা, তেলমুক্ত এবং নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার। এই ধরনের প্রসাধনী লোমকূপ বন্ধ হওয়ার ঝুঁকি কমায়। শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন, সিরামাইড বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। এগুলি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। 

ত্বক সংবেদনশীল হলে সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে নতুন কোনও প্রসাধনী মুখে মাখার আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নিতে পারেন। আর মিশ্র ত্বক হলে মুখের যে অংশ বেশি শুষ্ক, সেখানে ময়েশ্চারাইজার লাগাতে পারেন। দিনের বেলায় বাইরে বেরোলে ময়েশ্চারাইজারের সঙ্গে পর্যাপ্ত এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করাও জরুরি।

তবে বডি লোশন মানেই মুখে ব্যবহার করা যাবে না, এমন নয়। কিছু ময়েশ্চারাইজার মুখ ও শরীর, দুই জায়গাতেই ব্যবহারের উপযোগী। তাই বোতলের গায়ে লেখা নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। ব্যবহারের পর মুখে চুলকানি, জ্বালাভাব দেখা দিলে সেই প্রসাধনী ব্যবহার বন্ধ করুন। সমস্যা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *