কলকাতা: বিয়েবাড়ি মানেই সাজগোজ। পছন্দের শাড়ি, লেহেঙ্গা, শেরওয়ানি থেকে মানানসই গয়না সবকিছুতেই বাড়তি নজর থাকে। তবে বিয়ের আসরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে বর-কনের সাজ ঘিরে। কারণ অনুষ্ঠানের মধ্যমণি তো তাঁরাই। তাই সাজপোশাক বাছার সময় ডিজাইন বা কাপড়ের সঙ্গে রঙের দিকেও নজর দেওয়া জরুরি। বিশেষত শীতের বিয়েতে সকলে চেনা লাল, মেরুন কিংবা সোনালি রংই বেছে নেন। তবে এর বাইরে গিয়ে অন্য কোনও রং বেছে নিলে সাজে নতুনত্ব আসতে পারে। দেখে নিন, কোন কোন রঙে বিয়ের সাজ হয়ে উঠতে পারে নজরকাড়া।
১. পান্না সবুজ ও বটল গ্রিন: বিয়ের সাজে এখন সবুজের বেশ জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে পান্না সবুজ বা এমেরাল্ড গ্রিন শীতের অনুষ্ঠানের জন্য সেরা। সিল্ক কিংবা ভেলভেটের পোশাকে এই রং বেশ ভালো মানায়। অন্যদিকে, বটল গ্রিন তুলনায় কিছুটা গাঢ়। অ্যান্টিক গোল্ড বা আইভরি রঙের গয়না এবং সূক্ষ্ম কারুকাজের সঙ্গে এই রং বেশ ভালো মানায়। কনের লেহেঙ্গা হোক এবং বরের শেরওয়ানিতে সবুজের এই দুই শেড নজর কাড়ে।
২. প্লাম ও অবারজিন: মেরুন পরতে একঘেয়ে লাগছে? তাহলে বেছে নিতে পারেন প্লাম কিংবা অবারজিন। বিশেষ করে সন্ধ্যার অনুষ্ঠানে ভেলভেট বা সিল্কের পোশাকে প্লাম বেশ সুন্দর দেখায়। অবারজিন আরও গাঢ়। এর সঙ্গে হালকা সোনালি কিংবা রুপোলি গয়না দিয়ে সাজ শেষ করতে পারেন। চেনা মেরুনের বদলে নতুন কিছু পরতে চাইলে এই রং দু’টি ভেবে দেখতে পারেন।
আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডে সেলে ছাড়ের বন্যা! ৮০% পর্যন্ত দাম কমাচ্ছে কোন কোন সংস্থা?
৩. ময়ূরকণ্ঠী বা ডিপ টিল: নীল ও সবুজের মিশেলে তৈরি ময়ূরকণ্ঠী রঙের বরাবরই একটা আকর্ষণ রয়েছে। এই রং সহজেই নজর কাড়ে। কনের শাড়ি বা লেহেঙ্গায় ডিপ টিলের সঙ্গে রোজ গোল্ডের কারুকাজ বেশ মানাবে। আবার বরের পোশাকেও কপার বা সোনালি কাজের সঙ্গে এই রং বেশ আধুনিক দেখায়।
৪. ডাস্টি রোজ ও ব্লাশ: দিনের বেলার বিয়েতে হালকা রঙের পোশাক বেশ ভাল লাগে। সেক্ষেত্রে ডাস্টি রোজ কিংবা ব্লাশ বেছে নিতে পারেন। মুক্তোর গয়না কিংবা একই রঙের সূক্ষ্ম নকশার সঙ্গে এই পোশাক বেশ সুন্দর দেখায়। শীতের বিয়েতে শাল, কোট কিংবা জ্যাকেটের সঙ্গেও এই রং মানিয়ে যায়।
৫. আইভরি, শ্যাম্পেন ও পিউটার: খুব বেশি রঙচঙে না করে সাজে আভিজাত্য আনতে চাইলে বেছে নিতে পারেন এই তিনটি শেড। আইভরি ও শ্যাম্পেনের মধ্যে রয়েছে স্নিগ্ধতা। হালকা জরদৌসি বা সোনালি কাজের শ্যাম্পেন রঙের লেহেঙ্গা কিংবা বরের বেজ রঙের শেরওয়ানি দেখতে বেশ স্টাইলিশ লাগে। অন্যদিকে, পিউটার বা রুপোলি আভাযুক্ত রং সাজে আধুনিক ছোঁয়া আনে। সিকুইন কিংবা সূক্ষ্ম কারুকাজের পোশাকে এই রংগুলি বেশ মানিয়ে যায়।
Leave a comment