•
Home Top-News G RAM G প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট ও ছুটি ঘোষণা
Top-Newsদেশপশ্চিমবঙ্গ

G RAM G প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট ও ছুটি ঘোষণা

Share
প্রতীকী ছবি
Share

কলকাতা: G RAM G প্রকল্পে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর আনল রাজ্য সরকার। মাসিক পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কর্মীরা যেমন উন্নত পারিশ্রমিক পাবেন, তেমনই কাজের মর্যাদা এবং চাকরির বাড়তি সুরক্ষাও নিশ্চিত হবে বলে জানানো হয়েছে। ১ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, বর্তমান মাসিক পারিশ্রমিক এবং কাজের মেয়াদের নিরিখে কর্মীদের বেতন মাসে ছয় হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যে সমস্ত কর্মীর বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের কাজের অভিজ্ঞতা দশ বছরের কম হলে মাসে ছয় হাজার টাকা এবং দশ বছর বা তার বেশি হলে মাসে সাত হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি পাবে। অন্যদিকে, যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকার বেশি কিন্তু ৪৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে দশ বছরের কম মেয়াদে মাসে সাত হাজার টাকা এবং দশ বছর বা তার বেশি মেয়াদে মাসে আট হাজার টাকা করে বেতন বাড়ছে।

মাসিক পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে শুরু করে প্রতি বছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ হারে বাড়বে। এ ছাড়া যে সমস্ত কর্মী অন্তত দশ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন, তাঁরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা পেতে গেলে পর্যাপ্ত প্রকল্প থাকা, সন্তোষজনক কাজ এবং নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করা জরুরি। পাশাপাশি প্রতি বছর চুক্তি নবীকরণের ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশে অব্যাহত অশান্তি, বোমাবাজি ও বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৩৩৮ আওয়ামী লীগ কর্মী, গোপালগঞ্জে স্থগিত মোবাইল ব্যাঙ্কিং

নতুন ঘোষণায় কর্মীদের ছুটির ক্ষেত্রেও একাধিক সংস্থান রাখা হয়েছে। যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং বছরে ১০ দিন চিকিৎসা সংক্রান্ত ছুটি পাবেন। এর পাশাপাশি মহিলা কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য বিশেষ ক্ষেত্রে ৪২ দিনের ছুটির ব্যবস্থা করা হয়েছে।

তবে VB-G RAM G প্রকল্পে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা এই সমস্ত সুবিধা পেলেও চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই আওতার বাইরে থাকবেন। সংশ্লিষ্ট সমস্ত যোগ্য কর্মীর কাছে দ্রুত এই সুবিধা পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *