কলকাতা: ডিসেম্বর এলেই বাঙালির বেড়াতে যাওয়ার ইচ্ছে আরও বেড়ে যায়। তার উপর বড়দিন এবং শীতের মরশুম। কলকাতায় থাকলে ভিড় জমে পার্কস্ট্রিট এলাকায়। সেখানকার আলোকসজ্জা, কেকের গন্ধ আর উৎসবের ভিড়ে গমগম করে কলকাতার রাস্তাঘাট। কিন্তু বছরের পর বছর একইভাবে বড়দিন কাটাতে একঘেয়েমি লাগতে পারে। তাই এবারের ক্রিসমাসে একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে চাইলে ঘুরে আসতে পারেন দেশের কয়েকটি জায়গা থেকে। কোথাও পাহাড়ি শহর জুড়ে উৎসবের আলো, কোথাও আবার সমুদ্রের ধারে বিদেশি সংস্কৃতির ছোঁয়া। সব মিলিয়ে বড়দিনের ছুটিকে স্মরণীয় করে তুলতে পারে এই পাঁচ গন্তব্য।
১. শিলং
শীতের মরশুমে আপনার গন্তব্য হতে পারে পাহাড়। বড়দিনের সময় উত্তর-পূর্ব ভারতের শিলংয়ের রূপই বদলে যায়। শহর জুড়ে শুরু হয় উৎসবের প্রস্তুতি। লাইতুমখরহ এলাকার চার্চ এবং ক্যাথলিক গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্তে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজের মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়। পাহাড়ি আবহাওয়ায় কেক, স্থানীয় খাবার আর উৎসবের আনন্দ উপভোগ করতে চাইলে শিলং হতে পারে দারুণ ঠিকানা।
২. পুদুচেরি
সমুদ্রের পাশে বড়দিন কাটানোর ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন পুদুচেরি। একসময় এখানে ফরাসি উপনিবেশ ছিল। তাই শহরের স্থাপত্য, রাস্তাঘাট এবং জীবনযাত্রায় এখনও ইউরোপীয় সংস্কৃতির প্রভাব রয়েছে। বড়দিন উপলক্ষে বাড়ি, ক্যাফে ও রাস্তায় দেখা যায় বিশেষ সাজসজ্জা। চার্চ অফ দ্য সেক্রেড হার্ট অফ জেসাস, ইম্যাকিউলেট কনসেপশন ক্যাথিড্রাল এবং আওয়ার লেডি অফ অ্যাজাম্পশন চার্চে যেতে পারেন। সব মিলিয়ে অন্যরকম ছুটি কাটিয়ে আসতে পারেন।
আরও পড়ুন: বিয়েবাড়িতে শাড়ি-লেহেঙ্গা ভুলুন! কঙ্গনার মতো ঘরারায় করুন বাজিমাত
৩. শিমলা
বড়দিনে যদি বরফে ঢাকা পাহাড় উপভোগ করতে চান, তাহলে আপনার ভ্রমণের তালিকায় থাকতে পারে শিমলা। হিমাচল প্রদেশের এই জনপ্রিয় শৈলশহরে ডিসেম্বরের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। তুষারপাতে সৌন্দর্য আরও বেড়ে যায়। ক্রিসমাসের সময় মল রোড ও দ্য রিজ এলাকায় ঘুরে বেড়াতে পারেন। তবে ডিসেম্বরে গেলেই যে বরফ পাবেন, এমনটা নাও হতে পারে।
৪. মুম্বই
শহুরে উৎসবের আমেজ পছন্দ হলে মুম্বইয়ের জুড়ি মেলা ভার। বড়দিনের আগে থেকেই ব্যান্ড্রা, মাউন্ট মেরি চার্চ সংলগ্ন এলাকা এবং শহরের বিভিন্ন পাড়ায় শুরু হয় সাজসজ্জা। পাশাপাশি বিভিন্ন রেস্তরাঁ ও ক্যাফেতে বিশেষ খাবারের স্বাদ নিতে পারেন। যারা উৎসবের পাশাপাশি কেনাকাটা, খাওয়াদাওয়া এবং পার্টি উপভোগ করতে চান, তাঁদের জন্য ভালো বিকল্প মুম্বই।
৫. গোয়া
বড়দিনের ছুটির কথা উঠলে গোয়ার নাম বলতেই হবে। ডিসেম্বরের উৎসবের মরশুমে পানাজি, ওল্ড গোয়া এবং উত্তর গোয়ার সমুদ্রসৈকতগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে। ঐতিহাসিক চার্চগুলিতে এবং বিভিন্ন জায়গায় সঙ্গীতের অনুষ্ঠান বড়দিনকে আরও আনন্দময় করে তোলে। ঘুরে দেখতে পারেন বেসিলিকা অফ বম জেসাস এবং সেন্ট ক্যাথরিন ক্যাথিড্রাল। তাই বড়দিনের ছুটিতে বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরে আসতে পারেন।
Leave a comment