•
Home বিনোদন সুকেশের কাহিনি পর্দায় আসতেই বাধা? নেটফ্লিক্সকে আইনি নোটিস আইনজীবীর
বিনোদন

সুকেশের কাহিনি পর্দায় আসতেই বাধা? নেটফ্লিক্সকে আইনি নোটিস আইনজীবীর

Share
নেটফ্লিক্সকে আইনি নোটিস সুকেশের। ছবি: সংগৃহীত
Share

মুম্বই: সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু তারপর থেকেই বিতর্কের সূত্রপাত। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘লাভ, স্ক্যাম অউর ধোঁখা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’। এবার নেটফ্লিক্সে প্রকাশের আগেই আইনি বাধার মুখে পড়ল এই ছবি। নির্ধারিত দিনে আদেও তথ্যচিত্রটি প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সুকেশের আইনজীবী ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়ে মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

নেটফ্লিক্স ও ইন্ডিয়া টুডে গোষ্ঠীকে ২৬ নভেম্বর ওই নোটিস পাঠানো হয়েছে। আইনজীবী অনন্ত মালিকের মূল আপত্তি, সুকেশের বিরুদ্ধে  এখনও একাধিক ফৌজদারি মামলার বিচার শেষ হয়নি। তাঁর আশঙ্কা, এই পরিস্থিতিতে তাঁকে নিয়ে তথ্যচিত্র প্রকাশ হলে মামলার নিরপেক্ষ বিচার প্রভাবিত হতে পারে। তাই সংশ্লিষ্ট মামলাগুলিতে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তথ্যচিত্র প্রকাশ করা উচিৎ নয় বলেই তাঁর দাবি।

আরও পড়ুন: দুবাইয়ের হোটেলে শ্রীদেবীর সঙ্গে কী ঘটেছিল? আট বছর পর প্রকাশ্যে অজানা তথ্য

শুধু পুরো ছবিই নয়, তার ট্রেলার এবং অন্যান্য প্রচারমূলক উপাদান প্রকাশেও নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি। তথ্যচিত্র তৈরির প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন সুকেশের আইনজীবী। তাঁর দাবি, ছবিতে যাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাঁদের পরিচয় প্রকাশ করতে হবে। বিশেষ করে মামলার সাক্ষী, তদন্তকারী আধিকারিক কিংবা জেলকর্মীদের মধ্যে কেউ তথ্যচিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তা জানতে চেয়েছেন তিনি। এমনকি নির্মাতাদের হাতে মামলার কোনও গোপনীয় তথ্য পৌঁছেছিল কি না, সেই বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সুকেশ চন্দ্রশেখরের নাম উঠলেই আলোচনায় আসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজে। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় দীর্ঘদিন জেলবন্দি সুকেশ। তা সত্ত্বেও অভিনেত্রীকে ঘিরে তাঁর নানা দাবি ও উপহারের খবর বারবার শিরোনামে এসেছে। আমেরিকায় বিলাসবহুল বাড়ি দেওয়ার প্রস্তাব থেকে শুরু করে ব্যক্তিগত বিমানে করে বহুমূল্য উপহার পাঠানো, এসব বিষয় নিয়েও জ্যাকলিনকেও আইনি প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার সেই বিতর্কিত অধ্যায়গুলিই কি নেটফ্লিক্সের তথ্যচিত্রে জায়গা পেয়েছে? তা নিয়েই আপত্তি সুকেশের। সেই কারণেই নেটফ্লিক্সের কাছে মুক্তি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তিনি। নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার দাবিও জানানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ নভেম্বর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *