‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপে থেকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী! মিমি চক্রবর্তীর কেরিয়ারের শুরুটা হয়েছিল ছোটপর্দা থেকেই। তারপর বড়পর্দায় একের পর এক হিট ছবি, অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও পা রাখা, সব মিলিয়ে বরাবরই চর্চায় থেকেছেন অভিনেত্রী। তবে পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। প্রেম হোক কিংবা সম্পর্ক, বরাবরই নিজের মতো করে ব্যক্তিগত পরিসর সামলেছেন মিমি। আর এবার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় অভিনেত্রী।
আরও পড়ুন: আজই বিয়ের পিঁড়িতে মিমি! কীভাবে প্রেমে পড়লেন সিদ্ধার্থের?
সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন মিমি চক্রবর্তী। বিয়ের খবর নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিশেষ দিনের একাধিক ছবি। কোথাও আংটি বদলের মুহূর্ত, কোথাও বিয়ের নথিতে সই, আবার কোথাও নতুন জীবনের শুরুর আনন্দে মেতে থাকতে দেখা গিয়েছে দু’জনকে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। বিয়ের ছবি প্রকাশ্যে এলেও স্বামী সিদ্ধার্থের মুখ কিন্তু স্পষ্টভাবে দেখাননি অভিনেত্রী!

ছবিতে মিমির সাজ থেকে শুরু করে বিয়ের প্রতিটি মুহূর্ত নিয়ে যখন অনুরাগীদের মধ্যে চর্চা চলছে, তখন কৌতূহলের কেন্দ্রে সিদ্ধার্থ। কে তিনি? কী করেন? কীভাবে আলাপ মিমির সঙ্গে? জানা যাচ্ছে, সিদ্ধার্থ বিনোদন জগতের মানুষ নন। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। এক বন্ধুর মাধ্যমেই দু’জনের পরিচয় হয়েছিল বলে খবর। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা, আর এবার একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত।
তবে বিয়ের ছবি প্রকাশ করেও স্বামীর মুখ আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মিমি। ফলে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। সাধারণত তারকাদের বিয়ে মানেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, ভিডিও, বিয়ের সাজ থেকে শুরু করে সঙ্গীর পরিচয়, কিছুই যেন বাদ যায় না। সেখানে মিমি নিজের বিশেষ দিনের ঝলক দেখালেও সিদ্ধার্থকে নিয়ে বাড়তি কোনও প্রচার করেননি। ব্যক্তিগত জীবনকে কি এভাবেই ক্যামেরার ঝলকানি থেকে দূরে রাখতে চান অভিনেত্রী?
আরও পড়ুন: বাগদান থেকে আইনি বিয়ে, মিমির ভূরিভোজে কী কী পদ? ফাঁস হল মেনু
আসলে মিমির ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন নয়। টলিউডে তাঁর জনপ্রিয়তা যত বেড়েছে, ততই বেড়েছে তাঁকে ঘিরে অনুরাগীদের আগ্রহ। কিন্তু নিজের সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে আনতে বরাবরই সাবধানী তিনি। তাই বিয়ের খবর জানানোর পরেও স্বামীর মুখ আড়ালে রাখার বিষয়টি আলাদা করে নজর কেড়েছে। এদিকে বিয়ের অনুষ্ঠান ঘিরেও রয়েছে একাধিক আয়োজন। কলকাতায় আইনি বিয়ের পর কালিম্পঙে সামাজিক বিয়ের পরিকল্পনা রয়েছে। এরপর কলকাতায় রিসেপশনের আয়োজন। অর্থাৎ শহর থেকে পাহাড়, নতুন জীবনের শুরুটা বেশ জমজমাটভাবেই উদ্যাপন করতে চলেছেন অভিনেত্রী।
Leave a comment