কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে আরও সুস্পষ্ট হয়ে উঠেছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করা এই নিম্নচাপটি সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় থাকা ঘূর্ণাবর্ত-সহ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও, যা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে বাঁকুড়ার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। জোড়া ফলায় ভর করে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে বৃষ্টির দাপট, পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করে দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই দু'দিন কলকাতাসহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তীব্রতা কমে আসবে এবং আর কোনো সতর্কতা থাকছে না। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র চরম উত্তাল হয়ে উঠেছে। উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা দমকা আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই কারণে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি জারি থাকবে, যার মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দুই দিনাজপুর এবং মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন