কলকাতাঃ গ্যাসে বসানো ফ্রাইং প্যান তখন অতিরিক্ত গরম। কিন্তু তা বুঝতে পারেননি রাঁধুনি। তার উপর সরাসরি তেল ঢালতেই মুহূর্তে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সিলিংয়ে। তারপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় শিয়ালদহ স্টেশন এবং আশপাশের এলাকা। দমকল সূত্রে খবর, সোমবার সকালের অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে এমনই কারণ উঠে এসেছে।
সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের পাশাপাশি ঘন ধোঁয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তবে ধোঁয়ার কারণে ভিতরে ঢুকে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আধিকারিকদের দাবি, স্টেশনের কাছাকাছি থাকা পাইপলাইন থেকে প্রয়োজনীয় জল পাওয়া যায়নি। দমকলের দাবি, দোকানে পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। ফলে রান্নাঘরে আগুন লাগার পর তা দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
তবে এই দোকানকে ঘিরে সমস্যা এই প্রথম নয়। এর আগেও একই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। ফের আগুন লাগার পর আপাতত দোকানটির লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি দোকানটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও গাফিলতির প্রমাণ মিললে লাইসেন্স নিয়ে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে খবর।
বিষয় : Fire Incident Sealdah Station

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন