নয়াদিল্লি: সপ্তাহান্তেই সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। রাজধানী দিল্লি ও সংলগ্ন এনসিআর (NCR) এলাকায় একধাক্কায় অনেকটা বাড়ল সিএনজি-র (CNG) দাম। গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) প্রতি কেজি সিএনজিতে ৩.৮৯ টাকা দাম বাড়ানোর ঘোষণা করেছে। নতুন এই দর শনিবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে।
ভারতে সিএনজি সরবরাহের বড় অংশ আসে আমদানিকৃত এলএনজি থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে অভ্যন্তরীণ বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণে বিঘ্ন ঘটছে। এমনকি আসন্ন শীতের জন্য ইউরোপীয় দেশগুলিতে প্রাকৃতিক গ্যাসের চাহিদা অনেকটাই বেড়ে গেছে।
সিএনজি-র (CNG) এই হঠাৎ মূল্যবৃদ্ধির ফলে অটো, অ্যাপ-ক্যাব, ট্যাক্সি এবং ব্যক্তিগত সিএনজি চালকদের দৈনিক জ্বালানি খরচ একলাফে অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পরিবহণ কর্মী ও চালক সংগঠনগুলি ইতিমধ্যেই বাড়তি খরচের সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহণের ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছে।
পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে মানুষ স্বস্তির খোঁজ করেছিলেন সিএনজিতে। কিন্তু সেই সস্তার জ্বালানির দামও এখন প্রায় ১০০ ছুঁইছুঁই। একদিকে ক্যাব-অটোর বাড়তি ভাড়ার খাঁড়া, অন্যদিকে নিত্যদিনের বাজার খরচ—জ্বালানির এই নতুন দামবৃদ্ধি সাধারণ মানুষের মাসের বাজেটে কতটা ধস নামায়, এখন সেটাই দেখার।
বিষয় : cngpricehike transport cost delhi news

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন