বলাগড়: ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে এবার স্থান পেল রাষ্ট্রীয় সম্পত্তির তালিকায়। হুগলির বলাগড়ের জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি সরাসরি কিনে নিল রাজ্য সরকার। জেলাস্তরে চূড়ান্ত বৈঠকের মাত্র তিন দিনের মাথায় ১ কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় চার উত্তরসূরির থেকে বাড়িটি তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে নিয়ে আসা হয়েছে। গত ৩ জুলাই কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স’-এর অফিসে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই চার শরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ হস্তান্তরিত করা হয়।
নির্বাচনী প্রচারে গিয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে জিরাটের এই পৈতৃক ভিটে সংস্কার করে আধুনিক সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাড়ি কেনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ২৯ জুন হুগলির স্পেশাল ল্যান্ড অ্যাকিউজিশন অফিসার জেলার ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ কমিটি’-র সঙ্গে বৈঠক করার মাত্র তিন দিনের মধ্যেই যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সমস্ত শরিকদের সাথে আলোচনা করে রেকর্ড সময়ে এই মালিকানাবদল সম্পন্ন করে সংগ্রহশালা তৈরির কাজ শুরু করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেনা জমির পরিমাণ মোট ০.৩০১৭৯ একর। যার মধ্যে জমির দাম ১ কোটি ১৫ লক্ষ টাকা এবং বাড়ির কাঠামোগত মূল্য ১০ লক্ষ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। প্রশাসনিক খরচ মিলিয়ে প্রকল্পটির প্রাথমিক ধাপের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা। শুধু তাই নয়, রাজ্য বাজেটে শ্যামাপ্রসাদের স্মৃতির উদ্দেশে পৈতৃক ভিটে সংস্কার, আশপাশের এলাকার সৌন্দর্য্যায়ন, একটি পার্ক, গ্রন্থাগার, অডিটোরিয়াম এবং ১২৫ ফুট উঁচু বিশালাকার মূর্তি নির্মাণের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সাথে ৬ জুলাই তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি সরকারি উদ্যোগে মহাসমারোহে পালিত হয়েছে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী।
এত দিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাই বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায় সহ পরিবারের অন্য সদস্যরা এই সম্পত্তির দেখাশোনা করতেন। বলাগড়ের জিরাটে 'বাংলার বাঘ' স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে স্কুল ও লাইব্রেরি থাকলেও শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষার্থে স্থানীয়ভাবে একটি ছোট মূর্তি ছাড়া তেমন কিছুই ছিল না। অবশেষে রাজ্য সরকারের এই মেগা উদ্যোাগে দীর্ঘ দিনের সেই অভাব পূরণ হতে চলেছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চরম উৎসাহ তৈরি হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন