কলকাতাঃ রাখিবন্ধন ঘিরে যাদবপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ অনুষ্ঠান। এইট-বি বাসস্ট্যান্ডে আয়োজিত সেই কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডও। আর তার জেরেই কর্তৃপক্ষের তরফে শুক্রবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারটি গেট বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২, ৩, ৪ এবং ৫ নম্বর গেট এই সময়ের মধ্যে বন্ধ থাকবে। ক্যাম্পাসে প্রবেশ এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী ও আবাসিকদের যাতায়াতের জন্য খোলা থাকবে শুধুমাত্র ১ নম্বর গেট। পাশাপাশি বন্ধ রয়েছে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডে যান চলাচল। আজ বিকেলে এইট-বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় এক কিলোমিটার দীর্ঘ র্যাম্পও তৈরি করা হয়েছে।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ এবং পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত কোনও কারণের উল্লেখ নেই। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাস্তা বন্ধ থাকার কারণেই চারটি গেট বন্ধ রাখা হচ্ছে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন