আগামী ২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। বর্ধিত অঙ্কের হিসাবে নতুন ভাড়া কত হবে? তা নিয়ে উঠছিল প্রশ্ন। এ বার নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করল ভারতীয় রেল। লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়নি। তবে দামি হতে চলেছে দূরপাল্লার ট্রেনের টিকিট।
কত টাকা দাম বাড়তে চলেছে টিকিটের? কী জানিয়েছে ভারতীয় রেল?
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২১৫ কিলোমিটারের মধ্যে যাঁরা জেনারেল কামরা (অর্ডিনারি ক্লাস)-এ ভ্রমণ করবেন, তাঁদের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না।
২১৫ কিলোমিটারের পর থেকে জেনারেল কামরা (অর্ডিনারি ক্লাস)-এ ভ্রমণের জন্য প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে। নন এসি কোচে ৫০০ কিলোমিটার যাওয়ার জন্য ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের। শহরতলির ট্রেন এবং মান্থলি সেশন টিকিটের দাম বাড়ানো হচ্ছে না।
কেন ভাড়া বৃদ্ধি?
এই ভাড়া বৃদ্ধির কারণ ব্যাখ্যা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই ভাড়া বৃদ্ধিতে অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে তাদের। গত এক দশকে রেলের নেটওয়ার্ক বিস্তর সম্প্রসারণের কথাও জানানো হয়েছে। ট্রেনের পরিষেবার পাশাপাশি বৃদ্ধি হয়েছে কর্মীক্ষমতাও। এই মুহূর্তে রেলের কর্মীদের জন্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ব্যয় করা হয়। পেনশন বাবদ খরচ বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি। আর কর্মীদের খরচ মেটাতেই একাধিক পদক্ষেপ করছে রেল। এর মধ্যে রয়েছে এই সামান্য বাড়া বৃদ্ধিও। যাত্রীসুরক্ষায় রেলের পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে এ ক্ষেত্রে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন