কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। 'আবার জিতবে বাংলা' কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন তাঁর বীরভূমে একাধিক দলীয় সভায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, বেহালা ফ্লাইং ক্লাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তাঁর হেলিকপ্টার ওড়ার প্রশাসনিক অনুমতি না মেলায় সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও শেষ পাওয়া খবর অনুসারে, সেই অনুমতি পাওয়া গিয়েছে। এবং তারপরই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
তৃণমূল সূত্রে জানা যায়, এদিন দুপুরে বেহালা থেকে হেলিকপ্টারে করে বীরভূমের বোলপুরে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু ফ্লাইং ক্লাব কর্তৃপক্ষের তরফে প্রাথমিকভাবে জানানো হয়, যান্ত্রিক বা প্রশাসনিক সমস্যার কারণে হেলিকপ্টারটি ওড়ার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। শেষমেশ সেই অনুমতি মেলে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর।
এই ঘটনা ঘিরে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের দাবি, এটি কোনও সাধারণ প্রযুক্তিগত সমস্যা ছিল না, বরং বিরোধীদের একটি ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ ছিল। তাদের অভিযোগ, অভিষেকের কর্মসূচি বানচাল করতেই পরিকল্পিতভাবে অনুমতি সংক্রান্ত এই জট তৈরি করা হয়েছে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়েও এই ধরনের সমস্যা হয়েছিল বলে তৃণমূলের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত এদিন বীরভূমে অভিষেকের বেশ ঠাসা কর্মসূচি রয়েছে। যার মধ্যে থাকছে-
তারাপীঠ মন্দির: প্রথমেই তাঁর তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা।
জনসভা: রামপুরহাটে দলীয় একটি সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে অভিষেকের।
হাসপাতালে সাক্ষাৎ: বাংলাদেশ থেকে সম্প্রতি ফিরে আসা সোনালী বিবিকে দেখতে রামপুরহাট হাসপাতালে যাওয়ার কথা ছিল অভিষেকের। ওই মহিলা সোমবারই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/সুপর্ণা/SHK

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন