ঢাকা: ওপার বাংলায় আসন্ন নির্বাচনের আবহে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে বড় পদক্ষেপ করল পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে এই চাঞ্চল্যকর খুনের চার্জশিট বা অভিযোগপত্র জমা দিয়েছে তারা। চার্জশিটে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি-সহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
কী ঘটেছিল হাদির সঙ্গে?
জুলাই অভ্যুত্থানের সময় থেকেই ওপার বাংলার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন হাদি। ১২ ফেব্রুয়ারি হতে চলা নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে তাঁর লড়াই করারও কথা ছিল। কিন্তু, গত বছরের ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় আততায়ীদের গুলিতে মারাত্মক জখম হন তিনি। সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করালেও শেষরক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর মারা যান হাদি।
চার্জশিটে যা বলা হয়েছে:
পুলিশের দাবি, এটি কোনও সাধারণ অপরাধ নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড! গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং যুবলীগ নেতা বাপ্পিই এই খুনের ছক কষেছিলেন। হাদি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অত্যন্ত সরব ছিলেন। আর, সেই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয় বলে দাবি করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যম অনুসারে, পুলিশের জমা দেওয়া ১৭ জন অভিযুক্তের তালিকায় থাকা ১১ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তবে, মূল চক্রান্ত্রকারী বাপ্পি এবং তাঁর কয়েকজন সঙ্গী এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতকদের দ্রুত ধরার চেষ্টা চলছে।
কলকাতার প্রতিবেশী দেশের এই রাজনৈতিক খুনের ঘটনায় আবারও আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের ঠিক একমাস আগে এই চার্জশিট ঘিরে ওপার বাংলার রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/সুপর্ণা/এসএইচকে

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন