মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা উদ্বোধন করার কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল গঙ্গাসাগর। শুক্রবার ভোরে কপিল মুনি মন্দিরের সামনে ২ নম্বর রোডে অস্থায়ী শিবিরে এই ভয়াবহ আগুন লাগে। চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি সরকারি ও অস্থায়ী ক্যাম্প।
বৃহস্পতিবারই গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। মেলা শুরুর ঠিক আগের মুহূর্তে এই অঘটন পুণ্যার্থী ও প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরবেলা হঠাৎই ২ নম্বর রোডে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। অস্থায়ী শিবিরের জন্য ব্যবহৃত শুকনো হোগলার ছাউনি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে হোগলা পাতার তৈরি বেশ কিছু অস্থায়ী ঘর ও সরকারি দপ্তরের ক্যাম্প সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতা দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা প্রাথমিক তদন্তে খতিয়ে দেখছেন এটি শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনো কারণে ঘটেছে। মেলার চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য দ্রুত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন