রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ৩-এর বিজয়ী এবং পাহাড়ের মানুষের নয়নের মণি প্রশান্ত তামাং আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত তামাং ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তাঁর কোনও সাড়া না পাওয়া যাওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, তিনি রাতে সুস্থ অবস্থাতেই ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি!
কেন ঘুমের মধ্যে এই হৃদরোগ? প্রশান্ত তামাংয়ের এই অকাল প্রয়াণ ফের একবার যুবসমাজের স্বাস্থ্যের বিষয়টি সামনে নিয়ে এসেছে। চিকিৎসকদের মতে, 'সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট' বা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। যেমন -
স্লিপ অ্যাপনিয়া: ঘুমের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা, যা হৃৎযন্ত্রের উপর চাপ সৃষ্টি করে।
অত্যধিক স্ট্রেস ও অনিয়মিত জীবনযাপন: দীর্ঘদিনের মানসিক চাপ বা ঘুমের অভাব নিঃশব্দে হার্টের ক্ষতি করতে পারে।
জিনগত সমস্যা: অনেক সময় হৃদপিণ্ডের ধমনীতে ব্লক থাকে। যা হঠাৎ প্রাণঘাতী হয়ে ওঠে।
উল্লেখ্য, ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল জেতার পর প্রশান্ত তামাং কেবল একজন গায়ক হিসেবে নন, নেপালি ও ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছিলেন। কলকাতা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সুপারস্টার হওয়ার সেই সফর আজও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। গান গাওয়ার পাশাপাশি তিনি একাধিক নেপালি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
প্রশান্তের মৃত্যুতে উত্তর-পূর্ব ভারত ও দার্জিলিং পাহাড়জুড়ে শোকের ছায়া। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ— সবাই তাঁর নম্র ব্যবহার এবং মিষ্টি সুরের স্মৃতিচারণ করছেন। তাঁর সহশিল্পীরা জানিয়েছেন, প্রশান্ত ছিলেন এক অসাধারণ মনের মানুষ। যাঁর অভাব কোনও দিন পূরণ হওয়ার নয়। পাহাড়ের এই নক্ষত্র চিরকাল তাঁর সুরের মাধ্যমেই শ্রোতাদের হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন