নয়াদিল্লি: জল্পনার অবসান কি তবে হতে চলেছে? দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা এখন নাকি স্রেফ সময়ের অপেক্ষা! সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের খবর, আগামী ১৯ জানুয়ারি দলের শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দিতে পারেন বিহারের প্রভাবশালী বিজেপি নেতা তথা বর্তমানে ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক নীতিন নবীন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি, অর্থাৎ মনোনয়ন পেশের পরের দিনই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কার্যকালের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সাংগঠনিক রদবদলের কারণে তাঁর কার্যকাল বাড়ানো হয়েছিল। বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ফলে পূর্ণ সময়ের জন্য একজন নতুন সভাপতি বেছে নেওয়া এখন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি তথা সংসদীয় বোর্ডের কাছে অগ্রাধিকার পেয়েছে।
বিজেপির অন্দরের খবর অনুযায়ী, নীতিন নবীনের নাম নিয়ে দলের শীর্ষ মহলে এবং আরএসএস-এর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের দাবি, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় জয়ের নেপথ্যে তাঁর সাংগঠনিক রণকৌশল অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তাছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের নেতৃত্বে নতুন ও তরুণ মুখ আনার যে পরিকল্পনা নিয়েছেন, তার সঙ্গে নীতিন নবীনের প্রোফাইল একদম মানানসই। সেইসঙ্গে, বিহারের রাজনীতিতে পোড় খাওয়া নেতা হিসাবে ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের মোকাবিলায় নীতিনকে শক্তিশালী অস্ত্র হিসাবেই দেখছে দিল্লির নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, সর্বভারতীয় সভাপতি পদে আগামী ১৯ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার দিন স্থির হয়েছে। যদি অন্য কোনও প্রার্থী মনোনয়ন পেশ না করেন (যা বিজেপির ক্ষেত্রে সচরাচর ঘটে থাকে), তবে ওই দিনই বা তার পরদিন - অর্থাৎ ২০ জানুয়ারি নতুন সভাপতির নাম সর্বসমক্ষে আনা হবে। দলের একটি বড় অংশ মনে করছে, ওবিসি ভোটব্যাঙ্ক এবং হিন্দি বলয়ের সমীকরণ মাথায় রেখেই নীতিন নবীনের উপর আস্থা রাখতে পারে দল।
২০২৬-এ পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নতুন সভাপতিকে দলের রণকৌশল সাজানোর বড় দায়িত্ব নিতে হবে। এখন দেখার, জল্পনা সত্যি করে নীতিন নবীনই বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক আসনে বসেন কিনা!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন