কলকাতা: নতুন বছরের শুরুতেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এটিএম থেকে টাকা তোলার মাসুল এক দফা বাড়ানোর পর এবার অনলাইন লেনদেন বা ‘আইএমপিএস’-এর উপরেও চার্জ চাপাল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আগামী ১৫ ফেব্রুয়ারি (২০২৬) থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম। ফলে এখন থেকে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠানোও ব্যয়বহুল হতে চলেছে।
কেন এই বাড়তি খরচ? ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ডিজিটাল পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণের জন্যই এই ‘সামান্য চার্জ’ নেওয়া হচ্ছে। তবে স্বস্তির খবর হল, একদম ছোট অঙ্কের লেনদেনে ছাড়ের কথা ভাবা হয়েছে। ২৫ হাজার টাকা পর্যন্ত অনলাইন আইএমপিএস লেনদেন আগের মতোই বিনামূল্যে করা যাবে।
এক নজরে নতুন চার্জের তালিকা (অনলাইন):
| লেনদেনের পরিমাণ | নতুন চার্জ (প্লাস জিএসটি) |
| ২৫,০০০ টাকা পর্যন্ত | কোনও চার্জ নেই (বিনামূল্যে) |
| ২৫,০০১ -১ লক্ষ টাকা | ২ টাকা |
| ১,০০,০০১ - ২ লক্ষ টাকা | ৬ টাকা |
| ২,০০,০০১ - ৫ লক্ষ টাকা | ১০ টাকা |
উল্লেখ্য, এর আগে ১ ডিসেম্বর (২০২৫) থেকেই এটিএমের চার্জ সংশোধন করেছে এসবিআই। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে নির্ধারিত বিনামূল্যের সীমা (৫ বার) পেরিয়ে টাকা তুললে এখন থেকে ২১ টাকার বদলে ২৩ টাকা (প্লাস জিএসটি) দিতে হচ্ছে। এমনকী, ব্যালান্স চেক বা মিনি স্টেটমেন্টের মতো কাজগুলির জন্য ১০ টাকার বদলে খরচ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা।
তবে, বিশেষ কিছু অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। যেমন - ১) স্যালারি অ্যাকাউন্ট: ডিফেন্স, পুলিশ বা রেলওয়ের মতো স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টধারীদের অনলাইন আইএমপিএস-এ কোনও বাড়তি টাকা দিতে হবে না। ২)শাখা থেকে লেনদেন: ব্যাঙ্কের শাখায় গিয়ে সরাসরি আইএমপিএস করলে আগের পুরনো রেটই কার্যকর থাকবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন