কয়লাপাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা ইডি যখন তৃণমূলের পরামর্শদাতা সংস্থা 'আই-প্যাক'-এর অফিসে তল্লাশি চালায়, তখন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে কড়া প্রতিক্রিয়া দেন। তিনি অভিযোগ করেন, কয়লাপাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছয়। এই মন্তব্যকে ঘিরেই নতুন করে বিবাদ শুরু হয়। কালক্রমে জল গড়ায় আদালত পর্যন্ত।
মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট মন্তব্যের পরই তাঁকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে মুখ্যমন্ত্রীকে একটি আইনি নোটিস পাঠান তিনি। সেখানে শুভেন্দু দাবি করেন, মুখ্যমন্ত্রীকে হয় তাঁর এই অভিযোগের স্বপক্ষে তথ্যপ্রমাণ দিতে হবে। আর, তা না হলে ক্ষমা চাইতে হবে। এর জন্যই তিনি মুখ্যমন্ত্রীকে ৭২ ঘণ্টা সময় দেন।
সেই আইনি নোটিসের কোনও জবাব না আসায় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর শুভেন্দু অধিকারী আজ (১৬ জানুয়ারি ২০২৬) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ "ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত"। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ফলে তাঁর সামাজিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, এই মামলা থেকে যদি তিনি ১০০ কোটি টাকা পান, তবে সেই পুরো অর্থ তিনি জনকল্যাণমূলক বা চ্যারিটির কাজে দান করে দেবেন।
বিরোধী দলনেতা সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নোটিসের জবাব না দিয়ে প্রমাণ করেছেন যে তাঁর কাছে কোনও তথ্য নেই। তাই এখন বিষয়টি আদালতেই ফয়সালা হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন