কলকাতা: রাজ্য থেকে কি তবে এবার বিদায় নিতে চলেছে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গত কয়েক দিন হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হলেও, শুক্রবার থেকে তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী। তবে আগামী ৪৮ ঘণ্টা শীতের আমেজ বজায় থাকলেও সোমবার থেকে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা প্রবল।
সোমবার থেকে উধাও হবে শীত?
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। তবে আসল পরিবর্তন আসবে সোমবারের পর থেকে। সর্বনিম্ন ও সর্বোচ্চ— উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী বুধবার থেকে শীতের আমেজ অনেকটাই কমে যাবে। সরস্বতী পুজো পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে জানানো হয়েছে। ভোরে ও রাতে হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় গরম অনুভূত হবে। রবিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির আশেপাশে থাকলেও, পশ্চিমের জেলাগুলিতে তা ৭-১১ ডিগ্রির ঘরে থাকবে। তবে বুধবারের মধ্যে সেখানেও পারদ চড়বে। শনি ও রবিবার (১৭ ও ১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর। আর এই সফরের ওপর কুয়াশার ছায়া দেখছে আবহাওয়া দপ্তর। গত ডিসেম্বরে কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাহেরপুরে নামতে না পারলেও, এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, বেলা বাড়লে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর ল্যান্ডিং দুপুরের পরে নির্ধারিত, তাই কুয়াশার জন্য বড় কোনো সমস্যার আশঙ্কা কম।
সোমবার পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। পাশাপাশি,দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহেও কুয়াশার দাপট থাকবে বলে জানা গিয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা
বিষয় : পশ্চিমবঙ্গ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন