জলপাইগুড়ি: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের উপস্থিতিতেই বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি, সিবিআই প্রভৃতি) এবং সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিলেন।
মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে উদ্দেশ করে অনুরোধ জানান, যাতে বিচারব্যবস্থা সংবিধান এবং গণতন্ত্রের স্তম্ভগুলিকে রক্ষা করে। তিনি বলেন, "বিচারব্যবস্থা হল মানুষের শেষ আশার আলো।"
ইদানীংকালে দেখা যায়, কোনও মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমে 'মিডিয়া ট্রায়াল' শুরু হয়ে যায় এবং কাউকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলে! এই বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এটি ন্যায়বিচারের পরিপন্থী।
সম্প্রতি আই-প্যাক অফিসে ইডির তল্লাশি এবং নানা ঘটনায় বিরোধী দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ তুলে প্রধান বিচারপতির সামনেই নিজের আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে এবং মানুষের সম্মানহানি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, রাজ্য ও কেন্দ্রের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। কিন্তু, এজেন্সির অপব্যবহার সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে।
প্রসঙ্গত, আই-প্যাক অফিসে ইডির হানা এবং ভোটারতালিকা সংশোধন নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে সংঘাত চলছে, সেই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রধান বিচারপতির সামনেই তিনি সরাসরি এজেন্সির অতিসক্রিয়তা এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তাঁর উদ্বেগের কথা তুলে ধরেন!

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন