হাওড়া: খোদ থানার নাকের ডগায় সুরক্ষিত এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিবপুরে। ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় ১৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। রবিবার রাতে শিবপুর থানার কাছে জিটি রোডের ওপর এই ঘটনাটি ঘটেছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
দোকানের মালিক বিনোদ কুমার ভার্মা জানান, রবিবার রাত ৮টা নাগাদ এক ব্যক্তি মাথায় টুপি পরে ক্রেতা সেজে তাঁর দোকানে ঢোকে। সে একের পর এক সোনার মঙ্গলসূত্র এবং লকেট দেখতে চায়। বিনোদবাবু তাকে গয়না দেখাচ্ছিলেন। অভিযোগ, গয়না দেখার অছিলায় হঠাৎই সোনার গয়না ঠাসা বাক্সটি মালিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মালিক তাকে ধরার জন্য পিছু ধাওয়া করেন। কিন্তু জিটি রোডের ভিড়ের সুযোগ নিয়ে চোখের নিমেষে ভিড়ের মধ্যে মিশে যায় দুষ্কৃতী।
সোমবার সকালে দোকান মালিক বিনোদ কুমার ভার্মা শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, খোয়া যাওয়া গয়নার ওজন প্রায় ১৫০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ১৬ লক্ষ টাকারও বেশি।
গোটা চুরির ঘটনাটি দোকানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গেছে, দুষ্কৃতী অত্যন্ত ঠান্ডা মাথায় দোকানে ঢুকে অপারেশন চালিয়ে পালিয়ে যায়। শিবপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করেছে। সেই ফুটেজ পরীক্ষা করে এবং এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন