বসিরহাট: তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীদের রোষে জ্বলল পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ও একাধিক মোটরবাইক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামাতে হয়েছে র্যাফ (RAF) এবং বিশাল পুলিশ বাহিনী।
মৃত যুবকের নাম রিয়াজ মণ্ডল (২২)। তিনি আঁকিপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন দর্জি। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে শীতলিয়া গ্রামের একটি আম বাগানের পুকুরে রিয়াজের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রিয়াজের বাবা রবিউল ইসলামের দাবি, তাঁর ছেলের কোনো শত্রু ছিল না। কেন এবং কারা রিয়াজকে খুন করল, তা নিয়ে তিনি দিশেহারা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রিয়াজের মৃত্যুর জন্য স্থানীয় চাঁপাপুকুর পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডলকে দায়ী করেন গ্রামবাসীরা। ক্ষুব্ধ জনতা পিন্টু মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাড়ির সামনে থাকা মোটরবাইকটিও পুড়িয়ে দেওয়া হয়। বাদ যাননি উপপ্রধানের ঘনিষ্ঠ বলে পরিচিত সালমান মণ্ডলও। তাঁর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাস্তায় থাকা একটি টোটোও ভাঙচুর করে উন্মত্ত জনতা।
বিক্ষোভের আঁচ পড়ে গ্রাম পঞ্চায়েত অফিসেও। উত্তেজিত জনতা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিনও আসে। বর্তমানে গোটা এলাকা থমথমে রয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন