কলকাতা: দীর্ঘ ৩৭ দিনের টানাপোড়েনের পর অবশেষে জামিন পেলেন লিয়োনেল মেসির কলকাতা সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ করেছিল আদালত। সোমবার বিধাননগর মহকুমা আদালত থেকে জামিন পান তিনি। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অশান্তির ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শতদ্রু দত্ত। কিন্তু, চরম অব্যবস্থাপনা এবং দর্শকদের চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানটি ভেস্তে যায়। অভিযোগ ওঠে, হাজার হাজার টাকার টিকিট কেটেও সাধারণ সমর্থকরা মেসিকে দেখতে পাননি। এর ফলে স্টেডিয়ামের ভিতর ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিনই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। শতদ্রুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় (১৯২, ৩২৪, ৩২৬, ১৩২, ১২১ ইত্যাদি) মামলা রুজু করা হয়। পুলিশের অভিযোগ ছিল, যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে মানুষের জীবন বিপন্ন করা। স্টেডিয়ামের সম্পত্তি ধ্বংস ও অশান্তিতে উস্কানি।
তদন্তের স্বার্থে সিটের আধিকারিকরা শতদ্রুর রিষড়ার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেনের নথি খতিয়ে দেখার পর প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত (ফ্রিজ) করে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকা টিকিট বিক্রির নাকি স্পনসরশিপের, তা নিয়ে এখনও তদন্ত চলছে।
গ্রেফতারির পর প্রথমে ১৪ দিনের পুলিশ হেফাজত এবং পরে জেল হেফাজতে ছিলেন শতদ্রু। গত ২৮ ডিসেম্বর তাঁর জামিনের আবেদন নাকচ করে আদালত সাফ জানিয়েছিল, ঘটনার গুরুত্ব ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা খতিয়ে দেখার জন্য তাঁকে হেফাজতে রাখা প্রয়োজন। অবশেষে দীর্ঘ সওয়াল-জবাব শেষে সোমবার তিনি জামিন পেলেন।
উল্লেখ্য, শতদ্রু দত্ত এর আগে দাবি করেছিলেন, কিছু প্রভাবশালী ব্যক্তির আগমনের কারণে স্টেডিয়ামে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যায়নি। যার ফলে এই বিশৃঙ্খলা ঘটে। তবে, এই ঘটনায় আদালতের নির্দেশে দর্শকরা তাঁদের টিকিটের টাকা ফেরত পাবেন কিনা, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন