কলকাতা: কলকাতার ব্যস্ততম মেট্রো রুটে (ব্লু লাইন) এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে মঙ্গলবার সন্ধ্যায় ফের একবার ব্যাহত হল পরিষেবা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পরই দক্ষিণ কলকাতায় মেট্রোচলাচল আংশিকভাবে ব্যাহত হয়।
এই ঘটনার জেরে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে ক্ষুদিরাম স্টেশন অভিমুখী মেট্রোচলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ‘ট্রাঙ্কেটেড’ বা আংশিক পথে পরিষেবা চালু রাখা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে, টালিগঞ্জ থেকে প্রান্তিক স্টেশন ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা।
সন্ধ্যার এই ব্যস্ত সময়ে অফিস ফেরত যাত্রীদের ভিড় থাকে সবচেয়ে বেশি। মেট্রোচলাচল আংশিক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দক্ষিণ শহরতলির কয়েক হাজার নিত্যযাত্রী। বহু যাত্রীকে টালিগঞ্জ স্টেশনে নেমে যেতে হয় এবং সেখান থেকে বিকল্প হিসাবে বাস বা অটোয় চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়। ফলে টালিগঞ্জ সংলগ্ন এলাকায় যানজট তৈরি হয়।
ঘটনার পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর অনুসারে, ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন