তারকেশ্বর: তারকেশ্বরের বিভিন্ন এলাকায় ২০ টাকার জাল নোট ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বেশ কিছু অসাধু ব্যক্তি সুকৌশলে এই জাল নোট বাজারে চালানোর চেষ্টা করছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় ব্যবসায়ী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি তারকেশ্বরের কিছু ছোট দোকানে এবং পথচলতি বিক্রেতাদের কাছে ২০ টাকার কিছু নোট আসে, যা সাধারণ নোটের থেকে কিছুটা 'আলাদা'! নোটগুলি হাতে নিলে বা ভালো করে পরীক্ষা করলে দেখা যাচ্ছে সেগুলির কাগজ ও ছাপার গুণমান আসল নোটের তুলনায় নিম্নমানের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বদলে এই নোটে লেখা ‘মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। আসল নোটে যেখানে হিন্দিতে লেখা থাকে, ‘বিস রুপয়ে’, এই নোটে লেখা ‘বিস নম্বর’। সঙ্গে আবার লেখা, ‘ফুল অফ ফান’! বিশেষ করে মন্দির এলাকায় যেখানে প্রচুর মানুষের ভিড় থাকে, সেই সুযোগ কাজে লাগিয়েই এই চক্রটি সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে।
সাধারণত বড় অঙ্কের নোট যেমন ৫০০ বা ২০০ টাকার নোট জালের খবর শোনা গেলেও, ২০ টাকার মতো ছোট মূল্যের নোট জাল হওয়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, ছোট নোট হওয়ায় সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা লেনদেনের সময় সাধারণত সেভাবে পরীক্ষা করেন না। এই মানসিকতাকে হাতিয়ার করেই জাল নোট কারবারিরা কাজ চালাচ্ছে।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় সতর্কতা জারি হয়েছে। খুচরো লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে নোট ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এই চক্রের হদিস পেতে নজরদারি চালানো হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, দ্রুত এই অসাধু চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন