দাভোস, সুইজারল্যান্ড: 'বিশ্বজুড়ে চলা বিভিন্ন সংঘাত নিরসন এবং গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্যে' উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর 'বোর্ড অফ পিস'-এর প্রথম চার্টার উন্মোচন করেন। মূলত গাজা যুদ্ধের পরবর্তী শাসনব্যবস্থা ও পুনর্গঠনের জন্য এই বোর্ড গঠিত হলেও বর্তমানে এর পরিধি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নানা বিরোধ মেটানোর স্তরে উন্নীত করা হয়েছে।
ট্রাম্পের দাবি, এই বোর্ডের স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য রয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল আর্থিক লক্ষ্যমাত্রা। দাভোসে ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন বিশ্বের এক ডজনেরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা। উল্লেখযোগ্য সদস্য ও প্রতিনিধিদের মধ্যে ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিইয়োয়েভ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
বোর্ডের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প দাবি করেন, "প্রত্যেকেই" এই শান্তি বোর্ডের অংশ হতে চাইছে। তিনি আরও জানান, এই লক্ষ্যপূরণে তিনি রাষ্ট্রসংঘ-সহ অন্যান্য সংস্থার সঙ্গেও কাজ চালিয়ে যাবেন। গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প আশাপ্রকাশ করে বলেন, এই যুদ্ধ "সত্যিই শেষের পথে", তবে এখনও কিছু "ছোটখাটো আগুন" নেভানো বাকি আছে! হামাসকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "তাদের অস্ত্র ত্যাগ করতে হবে। যদি তারা তা না করে, তবে সেটাই হবে তাদের শেষ। তারা হাতে রাইফেল নিয়েই জন্মেছে।" ট্রাম্প স্পষ্ট করে দেন, হামাসকে নিরস্ত্রীকরণ করতেই হবে এবং ইজরায়েলি বন্দিদের শেষ দেহটি পর্যন্ত ফিরিয়ে দিতে হবে।
এছাড়াও নিজের সাফল্যের খতিয়ান তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি ইতিমধ্যে আটটি যুদ্ধের সমাধান করেছেন! একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, খুব শীঘ্রই রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও ইতি টানবেন তিনি! তাঁর ভাষায়, "খুব শীঘ্রই আরও একটি (শান্তি চুক্তি) আসতে চলেছে।"
এদিকে, পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই 'বোর্ড অফ পিস'-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে, ভারত এই আমন্ত্রণের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মোদী-সহ আরও অনেক বিশ্বনেতাকেই ট্রাম্প এই বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন