লরেন্সভিল (জর্জিয়া, যুক্তরাষ্ট্র): আমেরিকার জর্জিয়া প্রদেশের লরেন্সভিলে এক মর্মান্তিক পারিবারিক বিবাদের জেরে এক ভারতীয় নাগরিক-সহ একই পরিবারের চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে। গুলি চলার সময় বাড়িতে থাকা তিনটি শিশু একটি আলমারির ভিতর লুকিয়ে কোনও মতে নিজেদের প্রাণ রক্ষা করে।
জানা গিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২:৩০ নাগাদ লরেন্সভিলের ব্রুক আইভি কোর্টের একটি বাড়ি থেকে গুলি চলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে চারজন প্রাপ্তবয়স্ককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। মৃতরা হলেন— অভিযুক্ত আততায়ী বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), এবং তাঁদের তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)। এঁরা সকলেই লরেন্সভিলের ওই বাড়ির বাসিন্দা ছিলেন।
ভয়াবহ এই ঘটনার সময় বাড়িতে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিনটি শিশু উপস্থিত ছিল। প্রাণভয়ে তারা একটি আলমারির ভিতর লুকিয়ে পড়ে। ১২ বছর বয়সী শিশুটি অত্যন্ত সাহসিকতার সঙ্গে ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেয়। যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়। শিশুদের কোনও শারীরিক ক্ষতি হয়নি এবং বর্তমানে তারা এক আত্মীয়ের তত্ত্বাবধানে রয়েছে।
এই ঘটনায় পুলিশ অভিযুক্ত হিসাবে আটলান্টার বাসিন্দা ৫১ বছর বয়সী বিজয় কুমারকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে চারটি খুনের মামলা এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, আটলান্টায় বিজয় ও তাঁর স্ত্রী মিনুর মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর তাঁরা লরেন্সভিলের ওই বাড়িতে যান যেখানে বাকি তিন আত্মীয় ও দুই শিশু বসবাস করত। তবে, ঠিক ঝগড়া ঠিক কী কারণে হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। দূতাবাস নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং কেন এই বিবাদ চরমে এভাবে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন