আসানসোল: শনিবার সাতসকালে রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী থাকল আসানসোল শিল্পাঞ্চলের বার্নপুর। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক হার্ডওয়্যার ব্যবসায়ীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার অন্তর্গত নার্সিংবাঁধ এলাকায়। এই ঘটনা কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম শরিফউদ্দিন। তিনি হীরাপুরের নার্সিংবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন এবং সেখানে তাঁর একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। শনিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যখন তিনি নমাজ পড়তে যাচ্ছিলেন, তখনই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। রক্তাক্ত অবস্থায় শরিফউদ্দিনবাবুকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যুটআউটের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আততায়ীরা ঠিক কী কারণে এবং কোন উদ্দেশ্যে এই খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়। পুরনো কোনও শত্রুতা নাকি ব্যবসায়িক বিবাদ এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার কিনারা করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ সংগ্রহ করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সাতসকালে জনবহুল এলাকায় এই খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন