ঢাকা: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের ক্রিকেট মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিসিবির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক মনে করেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন একটি 'সমস্যা সৃষ্টিকারী' দেশ হিসাবে পরিচিতি পাবে।
উল্লেখ্য, খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বিসিবি আনুষ্ঠানিকভাবে ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ বয়কট করার কথা ঘোষণা করে। বিসিবির দাবি, তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যথাযথ পদক্ষেপ করছে না। তবে আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ভারতে কোনও বিশ্বাসযোগ্য নিরাপত্তার ঝুঁকি নেই। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সৈয়দ আশরাফুল হক বলেন, বর্তমান বোর্ড পুরোপুরি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তিনি ‘ক্রিকবাজ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বর্তমান বোর্ড এমন একটি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যারা আর কয়েক সপ্তাহ পর ক্ষমতায় থাকবে না। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট মহল থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি নিয়েছে। যার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।"
তিনি আরও যোগ করেন, কোনও আত্মমর্যাদাশীল বোর্ড আইসিসির নিরাপত্তা পরিকল্পনা খেলোয়াড়দের জানাত এবং তাদের উপরই সিদ্ধান্ত নেওয়ার ভার দিত। কিন্তু সরকার বা বোর্ডের এজেন্ডা বাস্তবায়নের জন্য খেলোয়াড়দের আজীবন লালিত স্বপ্ন (বিশ্বকাপ খেলা) থেকে বঞ্চিত করা হয়েছে।
গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পুনরায় নিশ্চিত করেন, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড়। আইসিসি বাংলাদেশকে পুনর্বিবেচনার সময় দিলেও বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজনের দাবিতে অটল ছিল। যা আইসিসি সরাসরি নাকচ করে দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিসিবি বিষয়টি আইসিসির 'ডিসপিউট রেজোলিউশন কমিটি'তে পাঠানোর অনুরোধ জানিয়েছে। জানা গিয়েছে, আইসিসি এখন আইনি দিকগুলি খতিয়ে দেখছে যে বিসিবির এই আপিল গ্রহণযোগ্য কিনা। এদিকে, আইসিসি বোর্ড ইতিমধ্যেই বিশ্বকাপের মূল সূচি পরিবর্তন না করার পক্ষে ভোট দিয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন