কোচবিহার: কাজের সূত্রে এলাকায় গিয়েছিলেন, কিন্তু ফিরতে হলো রক্তাক্ত অবস্থায়। বিএলও (BLO) হিসেবে তাঁকে পছন্দ নয়, এই আক্রোশ থেকেই এক সরকারি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। শুক্রবার বিকেলে সিতাই বিধানসভার ২৭৮ নম্বর বুথ এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
আক্রান্ত কর্মীর নাম মানোয়ার হোসেন। তিনি সিতাই বিধানসভার ৬/২৭৮ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত। জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ তিনি ওই এলাকায় নিজের ডিউটি করছিলেন। ভোটার তালিকার সংশোধনী বা সংযোজন সংক্রান্ত কাজের জন্য বেশ কিছু বাসিন্দার 'হিয়ারিং নোটিশ' জারি করা হয়েছিল। সেই নোটিশ বিলি করতেই তিনি এদিন এলাকায় যান।
অভিযোগ, মানোয়ার হোসেন এলাকায় পৌঁছানো মাত্রই তাঁর ওপর চড়াও হন রোহিত নামে স্থানীয় এক বাসিন্দা। কিছু বুঝে ওঠার আগেই একটি ধারালো অস্ত্র দিয়ে মানোয়ার বাবুকে লক্ষ্য করে কোপ মারেন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় মানোয়ার হোসেনকে উদ্ধার করে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি বলেন, "অনেক বাসিন্দারই হিয়ারিং নোটিশ দেওয়ার বাকি ছিল। সেই কারণেই আমি এলাকায় গিয়েছিলাম। কিন্তু আমাকে বিএলও হিসেবে পছন্দ নয়, এই আক্রোশ থেকেই রোহিত আমার ওপর হামলা চালায়।"
একজন সরকারি কর্মীর ওপর দিনের আলোয় এমন প্রাণঘাতী হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত রোহিতের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঠিক কী কারণে বিএলও-র ওপর ওই যুবকের এত ক্ষোভ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন