কলকাতা: রাজ্যের শাসকদলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের অফিসে সাম্প্রতিক ইডি তল্লাশিকে কেন্দ্র করে যখন রাজ্য ও কেন্দ্রের সংঘাত তুঙ্গে, ঠিক সেই আবহেই কলকাতায় এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবার সিজিও কমপ্লেক্সে তিনি সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন, যাঁরা গত ৮ জানুয়ারি আই-প্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানে অংশ নিয়েছিলেন।
সূত্রের খবর, ওই বৈঠকে ইডি প্রধান মূলত দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রথমত, কয়লাপাচার সংক্রান্ত যে মামলায় আই-প্যাকের নাম জড়িয়েছে, তার ডিজিটাল প্রমাণ এবং আর্থিক লেনদেনের নথিপত্র কতদূর সংগৃহীত হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি। এবং দ্বিতীয়, তল্লাশির দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের উপস্থিতিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার একটি বিস্তারিত রিপোর্ট আধিকারিকদের থেকে নিয়েছেন রাহুল নবীন। কেন্দ্রীয় সংস্থাটি অভিযোগ, তল্লাশি চলাকালীন তাঁদের কাজে ‘প্রশাসনিক বাধা’ দেওয়া হয়েছিল।
আই-প্যাক কাণ্ড বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশ যে এফআইআর দায়ের করেছিল, শীর্ষ আদালত তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি — আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কৌশলগত নথি ও হার্ড ডিস্ক কবজা করতেই এই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযান চালানো হয়েছে।
জানা গিয়েছে, শুধুমাত্র আই-প্যাক নয়, রাহুল নবীন এদিনের বৈঠকে রাজ্যের আরও কয়েকটি স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে - অবৈধ কয়লা ও বালি খনি মামলা, পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, ওড়িশায় বাঙালি শ্রমিক খুনের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি প্রভৃতি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের আগে ইডি প্রধানের তিনদিনের এই কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, আগামী ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে (আই-প্যাক) মামলার পরবর্তী শুনানির আগে আইনি ও তথ্যগত দিক থেকে ঘর গোছাতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন