কলকাতা: ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে হঠাৎ মৃত্যু হলো সামসেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম মানারুল ইসলাম (৪২)। তাঁর বাড়ি সামসেরগঞ্জ থানার অন্তর্গত সাহেবনগর গ্রামে। দীর্ঘদিন ধরেই তিনি সামসেরগঞ্জ থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ধুলিয়ানে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিউটি করতে ঘটনাস্থলে ছুটে যান মানারুল ইসলাম। আগুন নেভানোর সময় এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ার মধ্যে পড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডিউটিরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সামসেরগঞ্জ থানা জুড়ে। শোকস্তব্ধ পরিবার-পরিজন এবং সহকর্মীরাও।
সামসেরগঞ্জ থানা সূত্রে আরও জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর শনিবার বিকেলেই মানারুল ইসলামের দেহ থানায় নিয়ে আসা হবে। সেখানে তাঁকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁর দেহ কবরস্থ করা হবে।
ডিউটিরত অবস্থায় কর্তব্য পালন করতে গিয়ে মানারুল ইসলামের মৃত্যু প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন