মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে নক্ষত্রপতন। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (অজিত গোষ্ঠী) প্রধান অজিত পওয়ার। বুধবার সকালে পুণের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ জন আরোহীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা পিটিআই এবং ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এই খবর নিশ্চিত করেছে।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। জেলা পরিষদ নির্বাচনের প্রচারের কাজে একটি ব্যক্তিগত বিমানে মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা হয়েছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র অজিত। বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল পৌনে ৯টা নাগাদ বিমানটি যখন রানওয়ে স্পর্শ করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের একদম ধারে চলে যায় এবং আছড়ে পড়ে।
আছড়ে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিমানটি পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এবং আগুনের গ্রাসে চলে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এই দুর্ঘটনায় অজিত পওয়ার ছাড়াও তাঁর ছায়াসঙ্গী ও কর্মীদের মৃত্যু হয়েছে। বিমানের চালক এবং সহ-চালকেরও মৃত্যু হয়েছে এদিন।
অজিত পওয়ারের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজর জানিয়েছেন, এই খবরের সত্যতা স্বীকার করেছেন এবং রাজনৈতিক মহলে এর ফলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি একদিকে যেমন পাহাড়ি এলাকা, তেমনই জঙ্গল দিয়ে ঘেরা। আবহাওয়া খারাপ ছিল না কি যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ডিজিসিএ।
এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরপরই শোকপ্রকাশ করেছেন দেশের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ফোন করে গভীর সমবেদনা জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতারা তাঁদের প্রিয় 'দাদা'-র এই অকাল প্রয়াণে স্তম্ভিত।
হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন