শিলিগুড়ি: ভারত-নেপাল সীমান্ত দিয়ে অর্থপাচারের আগেই বড়সড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। পানিটঙ্কি চেকপোস্টে এসএসবির তল্লাশিতে উদ্ধার হল নগদ ২২ লক্ষ ৫০ হাজার (ভারতীয়) টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে দার্জিলিঙের এক বাসিন্দাসহ মোট চারজনকে আটক করা হয়েছে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এসএসবির ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টেলিজেন্স টিম পানিটঙ্কি চেকপোস্টে কড়া নজরদারি চালাচ্ছিল। ভারত থেকে নেপালের দিকে যাওয়ার সময় একটি সন্দেহভাজন চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন জওয়ানরা। তল্লাশি চালাতেই গাড়িটি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়।
গাড়িতে থাকা চার ব্যক্তিকে আটক করে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। এসএসবি জানিয়েছে, আটকদের মধ্যে তিনজন মেঘালয়ের এবং একজন দার্জিলিঙের বাসিন্দা। এত বড় অঙ্কের টাকা নিয়ে যাওয়ার কারণ বা কোনও বৈধ নথি ধৃতরা দেখাতে পারেনি। প্রাথমিক অনুমান, এই টাকা অবৈধভাবে সীমান্ত পারাপারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
উদ্ধার হওয়া নগদ ও ব্যবহৃত গাড়িটি ইতিমধ্যেই শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে পাচার রোধে এবং নজরদারি বজায় রাখতে এসএসবি আগামী দিনেও এই ধরনর কঠোর তৎপরতা বজায় রাখবে বলে জানানো হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন